জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার।
গত সোমবার (৩০ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই শহিদদের তালিকা প্রকাশ করে। একই দিন তার গেজেট প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের ৮৩৪ জন শহিদের গেজেট প্রকাশ করে সরকার। এখন জুলাই অভ্যুত্থানে মোট শহিদের সংখ্যা হলো ৮৪৪ জন।
নতুন শহিদদের তালিকায় ঢাকার চারজন, কুড়িগ্রামের একজন, শরীয়তপুরের একজন, চট্টগ্রামের একজন, নোয়াখালীর একজন, যশোরের একজন ও বাগেরহাটে একজন রয়েছেন। তালিকায় শহিদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে।
গেজেটে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬-এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩-এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে।
জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার।
গত বছরের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শুরু হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন। আন্দোলন থামাতে একসময় চরম নৃশংসতা চালায় শেখ হাসিনা সরকার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নিহত হন শত শত আন্দোলনকারী ছাত্র-জনতা।