দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে জবাবদিহিতা ও গণতন্ত্র থাকে না। আর যদি গণতন্ত্র না থাকে তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। বর্তমান সরকার সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনলেও অর্থনীতিতে সংস্কারের চাকা ঘুরেনি বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ‘সংকট থেকে স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
পলিসি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ এম মাশরুর রিয়াজ বলেন, ‘রাজস্ব, অর্থনৈতিক ব্যবস্থাপনা শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। যা ঠিক করতে গেলে তিনটি জিনিস করতে হবে। প্রথমত, আত্মবিশ্বাস ফিরিয়ে আনার প্রয়োজন। সরকারের আমল থেকে রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। নিয়োগকারী, গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল ইকোনমিক পার্টনার, তাদের যে বাংলাদেশ সরকারের সঙ্গে তারা ডিল করবে; যেই পলিসির আন্ডারে তারা কাজ করবে সেটার প্রেডিক্টিবিলিটি, কনসেন্টেন্সি সব কিছুর ওপর কনফিডেন্স নির্ভর করবে। এই কনফিডেন্স সাধারণত নির্বাচিত সরকারের আমলে যেভাবে হয়, অনির্বাচিত বা ইন্টেরিয়ামের আমলে সেইভাবে হয় না বলেও যোগ করেন তিনি।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু ভাল কাজ করেছে। ম্যাক্রোতে কিছু স্থিতিশীলতা তৈরি, সেন্ট্রাল ব্যাংককে তার স্বাধীনতা ফেরত দিয়েছে। সংস্কারের ইচ্ছা ব্যক্ত করেছে। আমরা দেশী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে যেটা শুনেছি তাদের কনসার্ন এবং আমরা দেখছি সরকারের পক্ষ থেকে আউটরিচটা খুব কম। সরকার তাদের এনগেইজ করছে কম। এর ফলে আত্মবিশ্বাস আবার আঘাত প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাণিজ্য-বাণিজ্য ও বিনিয়োগের জন্য সংস্কার, পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার বহুবছর ধরে বকেয়া হয়ে আছে। কিন্তু আগে তো হয়নি, গত ১ বছরে সেই রিফর্মের চাকা আসলে ঘুরেনি। এটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার আসার আগে সেটা পাওয়া যাবে না। সুতরাং আমাদের ইলেকশনের মাধ্যমে সেটা খুব ত্বরান্বিত হওয়া প্রয়োজন।’
বিজিএমইএ'র সভাপতি মাহমুদ আহসান খান বাবু বলেন, ‘গত পনেরো বছরে আমরা দেখেছি, গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না। জবাবদিহিতা না থাকলে বিনিয়োগ হবে না। লুটপাট হবে এবং লুটপাটের সংস্কৃতি চালু হবে। সুতরাং দেশের মানুষের স্বার্থে এবং সত্যিকারের যদি জবাবদিহিতামূলক সরকার আমরা চাই, তাহলে অবশ্যই গণতন্ত্র লাগবে। বিজিএমইএ থেকে আমরাও চাই না যে বাংলাদেশ শুধু একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল থাকুক। পণ্যের বৈচিত্র্যকরণ যেমন লাগবে, সঙ্গে সঙ্গে বাজার বৈচিত্রকরণও লাগবে। সেটা করতে হলে আমি আশা করব আগামীতে একটা ভালো নির্বাচন হবে। সেই নির্বাচনে যদি জনগণ বিএনপিকে কে ভোট দেয়, আশাকরি তারা একটি শক্তিশালী নীতি করবে। আশা করি ভবিষ্যতে যারা দেশ পরিচালনায় আসবেন এ বিষয়গুলা অনুসরণ করবেন। এটা যদি অনুসরণ করা হয় অবশ্যই দেশে বিনিয়োগ আসবে।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা ঋণ নিয়েছি এবং টাকা ছাপিয়েছি। আমাদের ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ব্যবসায়ীরা অনেক নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অনেক বেশি নিয়ন্ত্রিত ব্যবস্থায় অর্থনীতি ঠিকঠাক কাজ করে না। নির্বাচিত হলে বিএনপির সবচেয়ে বড় কাজ হবে কর্মসংস্থান সৃষ্টি করা।’
অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ডক্টর রাশেদ তিতুমীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দা ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেইন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ঢাকাস্থ দূতাবাসের আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, চীন, বৃটেনসহ ১০ দেশের রাষ্ট্রদূত ও ওয়ার্ল্ড ব্যাংককের প্রতিনিধি।
শফিকুল/রিফাত/