পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। তবে দীর্ঘদিন স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠনের দাবি থাকলেও তা হচ্ছে না টাস্কফোর্সের সুপারিশের কারনে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে পরিসংখ্যান টাস্কফোর্সের সুপারিশের খসড়া প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান।
এ সময় কমিটির সদস্য ড. ফাহমিদা খাতুনসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রতিবেদন জমা দেওয়ার পর টাস্কফোর্সের প্রধান হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, 'পরিসংখ্যান কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে। এর প্রধান হবেন চিফ স্ট্যাটিসিয়ান। আর বাংলাদেশ পরিসংখ্যন ব্যুরোর নাম পরিবর্তন করে স্টাটিস্টিক বাংলাদেশ হবে।'
স্বাধীন কমিশন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের একমাত্রিক প্রশ্নের উত্তর দেওয়া চ্যালেঞ্জিং। এটি আমাদের কাজের সূত্রপাতের অংশ ছিল না। সাহসী, সময়োপযোগী, বাস্তবসম্মত সংস্কার প্যাকেজ এ প্রতিবেদনের মাধ্যমে জমা দিয়েছি। যে রিপোর্ট জমা দিয়েছি তার আমূল পরিবর্তনের আশঙ্কা নেই। হয়ত পরিমার্জন হতে পারে।’
হোসেন জিল্লুর রহমান আরও বলেন, ‘টাস্কফোর্স গঠন করা হয়েছে বাংলাদেশের পরিসংখ্যানকে গুণগত পর্যায়ে এবং স্বচ্ছতার পর্যায়ে দৃশ্যমান করার জন্য। এজন্য যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো নিশ্চিত করা দরকার, সেগুলো কীভাবে সুনির্দিষ্টভাবে বিন্যাস করা যায়, সেগুলো তুলে ধরেছি।’
প্রস্তাবনায় বিবিএসকে ‘পরিসংখ্যান বাংলাদেশ’-এ রূপান্তরিত করার সুপারিশ করা হয়েছে।
জাহাঙ্গির আলম/সুমন/