দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে নানা প্রলোভন দেখিয়ে ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদের মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর)) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং বরিশাল থেকে রংপুরের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
কবির হোসেন আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজেই গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বন বিভাগের পদ ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলার অভিযোগে তিনি দু’বার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তবে সাবেক মন্ত্রী দীপু মনির সুপারিশে তিনি চাকরিতে পুনর্বহাল হন।
এর আগে চলতি বছরের ৯ এপ্রিল খুলনার সোনাডাঙা এলাকার বাসিন্দা খাদিজা আক্তার বন ও পরিবেশ উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ ছিল বিয়ের নামে প্রতারণা, যৌতুক দাবি ও নির্যাতন। এর আগেও ২০১৯ সালে বাগেরহাটের মোংলার নাসরিন আক্তার দোলন একই অভিযোগে আদালতে মামলা করেন, যা এখনো বিচারাধীন।
নতুন অভিযোগের পর মন্ত্রণালয় ৯ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠন করে। ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইদুর রহমান বরিশালে সরেজমিন তদন্ত করেন। ওইদিন কাশিপুরে বন বিভাগের কোস্টাল সার্কেল অফিসে দুই স্ত্রীসহ স্বজনদের লিখিত জবানবন্দি নেওয়া হয়। ভুক্তভোগীরা মানববন্ধনের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে বিভাগীয় শাস্তির অংশ হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়। সূত্র :বাসস
এসএন/