রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তার অবস্থা 'ক্রিটিক্যাল' হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।
খবরের কাগজকে এ কথা জানিয়েছেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (৩ অক্টোবর) থেকে এ হাসপাতালে ভর্তি আছেন মনজুরুল ইসলাম।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম শুক্রবার(৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে তারা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তার হার্টে রিং পরানো হয়।
শনিবার (৪ অক্টোবর) থেকে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়।
১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।
সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকও পেয়েছেন।
জয়ন্ত সাহা/রিফাত/