নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি) নতুন প্রকল্প নিতে যাচ্ছে।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, এ বছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য ‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’; যার উদ্দেশ্য জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি, টেকসই উন্নয়নে ডাক সেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। দিবসটি উদযাপন বুধবার বিকেলে রাজধানীর ডাক ভবনে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘নাগরিকদের ঠিকানাকে ডিজিটাল বা অনলাইনে রূপান্তর করার কাজ চলছে। এই কাজ সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথভাবে করা হবে। এজন্য নির্দিষ্ট এলাকার চারপাশে ডিজিটাল সীমা বা জিও ফেন্সিং তৈরি করা হবে। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য পরীক্ষামূলকভাবে একটি প্রকল্প চালু করা হচ্ছে। আগামী মাস নাগাদ এই প্রকল্পটি চালু হবে।’
নাগরিকদের ঠিকানা হল- একজন মানুষের বাসস্থান বা অবস্থান সম্পর্কিত তথ্য। এই তথ্যগুলোকে ডিজিটাল বা অনলাইন ডাটাবেসে সংরক্ষণ করা, যাতে সরকারের বিভিন্ন দপ্তর সহজে জানতে পারে কে কোথায় থাকেন, সেবা দিতে পারে, বা জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারে।
আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো নিরাপদ পোস্টাল ব্যালট সেবা চালুর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা হবে কি না এমন প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, ‘এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এক ঐতিহাসিক পদক্ষেপ। মূলত তিনটি ইনভেলাপের মাধ্যমে প্রবাসীদের ভোটদান সম্পন্ন হবে। ফলে প্রবাসীদের ভোট প্রদান নিরাপদ হবে এবং গোপনীয়তা অটুট থাকবে।’
বিশ্ব ডাক দিবসের প্রেক্ষাপটকে সামনে রেখে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডাক বিভাগের ই-কমার্স সেবা সম্প্রসারণ ও দ্রুত ডেলিভারি ব্যবস্থা শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশন সংযোজনের মাধ্যমে সেবার মানোন্নয়ন এবং সেন্ট্রাল লজিস্টিকস ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক লজিস্টিক খাতগুলোর ডিজিটা রূপান্তর করা হবে। সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্লাটফর্মের মাধ্যমে ই-কমার্সের জালিয়াতি রোধ করা হবে।
সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ব ডাক দিবসের কর্মসূচি নিয়ে ডাক বিভাগ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ডাক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এটি আগারগাঁও ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সকাল ১০টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনারে ডাক সেবার ডিজিটাল রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞরা মতবিনিময় করবেন।
দ্বিতীয় দিন শুক্রবার সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে। বিকেলে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জয়ন্ত সাহা/সুমন/