কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় এ বোর্ড থেকে মোট ১ লাখ এক হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯৯ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে। যার পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ।
মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।
বিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী; এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে। যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, গত পাঁচ বছরের মধ্যে এবারই কুমিল্লা শিক্ষা বোর্ডের তুলনামূলক কম শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর আগে এই বোর্ডে ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ ও এবার ২০২৫ সালে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। যা গত পাঁচ বছরের তুলনায় সবচেয়ে কম।
এ বছরের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৪২ দশমিক ৭০ শতাংশ ও মেয়েদের পাশের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ।
জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৯৫৮ জন আর মেয়েদের এক হাজার ৭৪৯ জন।
এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ৯ কলেজে কেউ পাশ করেনি। অপরদিকে শতভাগ পাশ করেছে ৫টি কলেজ।
জহির শান্ত/অমিয়/