ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬২ জন।
রবিবার (২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের ১ জন কিশোর, ২ জন পুরুষ ও ২ জন নারী। তাদের বয়স যথাক্রমে ১৩, ২৮, ৪৭, ৫০ ও ৫২ বছর। ২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১ জন মুগদা জেনারেল হাসপাতালে, ১ জন কুর্মিটোল জেনারেল হাসপাতালে ও ১ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩, চট্টগ্রামে ১০৮, ঢাকা বিভাগে ৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫, খুলনায় ১৫৪, ময়মনসিংহে ৮৭, রাজশাহী ৯৮, রংপুরে ৩২ ও সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫১ জন। এ নিয়ে চলতি বছরের এই পর্যন্ত ৬৮ হাজার ৪১০ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন। মৃত্যু হয়েছে ২৮৩ জনের। এরমধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, সেপ্টেম্বরে ৭৬, অক্টোরের ৮০ ও নভেম্বরের এই পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মেহেদী/