জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মিডিয়া ইকোসিস্টেমে আসার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ নিতে তাদের এই ইকোসিস্টেমে যোগ দেওয়া প্রয়োজন।
মাহফুজ আলম বলেন, এখনো গণমাধ্যমে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। এর দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জুলাই যোদ্ধাদের জন্য সরকারের উদ্যোগ সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে।
আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
জুলাই যোদ্ধাদের উদ্দেশে মাহফুজ আলম আরো বলেন, আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে। কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র প্রদান করা হয়।
তপন/এসএন