গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিঅ্যান্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান ওসিঅ্যান্ডএস-এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিঅ্যঅন্ডএস অভ্যর্থনা জানান।
এ অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশ্যে তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন।
সেইসঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের আহ্বান জানান।
এছাড়া, আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সেনাপ্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে জিওসি, আর্টডক; জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া; কমান্ড্যান্ট, বিওএফ; এজি; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, ওসিঅ্যান্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পলাশ প্রধান/অমিয়/