ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ তৃতীয় দিনের সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আজও দুদফায় সংলাপে অংশ নিচ্ছে ১২টি রাজনৈতিক দল।
এর মধ্যে প্রথম দফায় সকাল সাড়ে ১০টা শুরু হওয়া সংলাপে বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ যোগ দিয়েছে। সংলাপ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংলাপে থাকবেন জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিনিধিরা।
এর আগে, আজ জামায়াতে ইসলামীসহ ১২টি দলের সঙ্গে ইসির সংলাপে বসার কথা ছিল। কিন্তু জামায়াত সংলাপে বসতে নতুন সময় চাওয়ায় ওই দলটির পরিবর্তে জাকের পার্টিকে সংলাপে যুক্ত করেছে ইসি।
গতকাল (১৬ নভেম্বর) পর্যন্ত দুই দিনে ২৩টি দলের সঙ্গে সংলাপ করেছে কমিশন। গতকাল তৃণমূল বিএনপি সংলাপে অংশ নেয়নি।
সংসদ নির্বাচনের রেওয়াজ অনুযায়ী, প্রতিটি জাতীয় নির্বাচনের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে ইসি। প্রথমে তারা জানায়, নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ ছাড়া সংলাপে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি-না তা এখনো স্পষ্ট করছে না সংস্থাটি। কারণ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে দলগুলোর সংলাপ নিয়ে কৌশল অবলম্বন করছে সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন। ফলে জাতীয় পার্টি সংলাপে অংশ নেবে কি-না, সে বিষয়ে নির্বাচন কমিশন স্পষ্ট কোনো বক্তব্যও দেয়নি। এ বিষয়ে রবিবারও কোনো মন্তব্য করতে রাজি হননি ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এলিস/এসজি/