দেশের প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ জন সাংবাদিককে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার দেওয়া হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সহযোগিতায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে এ বছরের ৩০ অক্টোবরের মধ্যে প্রকাশিত বা সম্প্রচারিত সেরা ২৬টি প্রতিবেদনকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন শামসুল হক মোহাম্মদ মিরাজ (দৈনিক কালের কণ্ঠ), মৌসুমী ইসলাম (দ্য ডেইলি সান), রফিকুল ইসলাম (দ্য ডেইলি সান), সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ২৪.কম), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট ডটকম), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (দ্য ডেইলি স্টার), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), মো. আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকালসন্ধ্যা ডটকম), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), এহসানুল হক জসীম (দ্য ডেইলি সান), মো. হেলিমুল আলম (দ্য ডেইলি স্টার), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত কে সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহেদী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী। এ ছাড়া নগদের প্রশাসক মো. মোতাসেম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতি ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।