নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ নৌবাহিনী তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে বদ্ধপরিকর। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য পাঁচহাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে।
নৌপ্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি বাংলাদেশের জলসীমায় দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে নৌবাহিনী।
রবিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান ২০২৩ ব্যাচের প্রশিক্ষণ শেষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নৌপ্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, বর্তমান প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সিম্যুলেশন ভিত্তিক প্রশিক্ষণ, আধুনিক প্ল্যাটফর্ম সংযোজন ও নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী তার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রপথে অপরাধ দমন, প্রাকৃতিক দুর্যোগে দেশ-বিদেশে মানবিক সহযোগিতা, সংকটকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গৌরবময় ভূমিকা পালনের পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নৌবাহিনীর প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
দেশের তিনটি শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে যুদ্ধ জাহাজ তৈরির কাজ চলছে বলেও জানান নৌপ্রধান।
জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে নৌপ্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত করা হয়েছে। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
এর আগে নৌবাহিনী প্রধান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৩ ব্যাচের দুইজন নারীসহ ৩১ জন মিডশিপম্যান ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন।
বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ বিএন সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ ও মিডশিপম্যান এস এম আবরার ওবাইদ বিএন প্রশিক্ষণে ২য় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌ প্রধান স্বর্ণপদক’ লাভ করেন।
কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বাসস/মেহেদী/