নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপদেষ্টা আদিলুর রহমান।
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে। তবে একটি ফ্যাসিবাদী গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। সরকার ও জনগণ একসঙ্গে থেকে তা প্রতিহত করবে। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাদারীপুরে জুলাই আন্দোলনে শহিদ মাদারীপুর সদর উপজেলার শহিদ নাইমুর রহমান ও শহিদ মামুন সরদারের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় শিল্প, গণপূর্ত ও এলজিইডি উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘শিল্প, গণপূর্ত ও এলজিইডি মন্ত্রণালয়ের অধীনে চলমান সব প্রকল্পের কাজ আগামীতে নির্বাচিত সরকার এগিয়ে নিয়ে যাবে। আমরা আপাতত নিশ্চিত করতে চাই, যেন কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয়।’
এর আগে সকালে তিনি মাদারীপুরে জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শনিবার সারাদিনের কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টা আদিলুর রহমান শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
রফিকুল/রিফাত/