এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক আছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা বিশ্বাস করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
এর আগে, আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) থেকে আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সংক্ষুদ্ধ কোনো প্রার্থী বা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থী লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ইসিতে আপিল দায়ের করতে পারবেন।
আপিল দায়েরের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথে নিজ নিজ অঞ্চলের প্রার্থীদের পক্ষে কিংবা বিপক্ষে আসা অভিযোগ জমা নেওয়া হবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলের বিরুদ্ধে শুনানি চলবে।
১নং বুথে খুলনা অঞ্চলের জেলাগুলো: মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা।
২নং বুথে রাজশাহী অঞ্চলের জেলাগুলো: জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
৩নং বুথে রংপুর অঞ্চলের জেলাগুলো: পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা।
৪নং বুথে চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলো: চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান।
৫নং বুথে কুমিল্লা অঞ্চলের জেলাগুলো: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর।
৬নং বুথে সিলেট অঞ্চলের জেলাগুলো: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ।
৭নং বুথে ঢাকা অঞ্চলের জেলাগুলো: টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ।
৮ নং বুথে ময়মনসিংহ অঞ্চলের জেলাগুলো: জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা।
৯নং বুথে বরিশাল অঞ্চলের জেলাগুলো: বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
১০নং বুথে ফরিদপুর অঞ্চলের জেলাগুলো: রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর।
৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩ হাজার ৪০৬, জমা দেন ২ হাজার ৫৬৮। এর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৪২ জন এবং মনোনয়ন বাতিল করা হয়েছে ৭২৩ জনের।
এসজি/