পার্বত্য জেলা বান্দরবানে আঞ্চলিক সংগঠন জেএসএসের (মূল) ঘাঁটিতে অভিযান চালিয়ে গুলিবিদ্ধ সশস্ত্র এক সন্ত্রাসীকে আটকসহ একটি এসএমজি ও বিপুল পরিমান গুলি জব্দের কথা জানিয়েছে সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান চালানো হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
আইএসপিআর জানায়, গতকাল বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় ‘জেএসএস (মূল)’ এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সেনা সদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধভাবে চাঁদা আদায় করতে দেখতে পান। সেনা সদস্যরা এ সময় এগিয়ে গেলে জেএসএস (মূল) সদস্যরা পালানোর চেষ্টা করেন এবং সেনা টহল দলের ওপর গুলিবর্ষণ করেন। সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলিবর্ষণ করে তাদের ধাওয়া করে। প্রাথমিকভাবে সন্ত্রাসীরা একটি স্কুলে আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এই অভিযানে সেনা টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত হ্লামংনু মার্মা নামে একজন সশস্ত্র জেএসএস (মূল) সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ গুলিবিদ্ধ অবস্থায় আটক করে। এ সময় তার চিকিৎসার জন্য পুলিশের সহায়তায় জরুরি ভিত্তিতে তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড গুলির খোসা, ২টি অস্ত্রের ম্যাগাজিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির স্বাক্ষরকারী সন্তু লারমার নেতৃত্বাধীন সংগঠনটি হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস (মূল)।
আলমগীর হোসেন/অমিয়/