চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী মোট ২০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (১ মার্চ) রাতে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার দিনভর চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনীসহ মোট ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট ৯টি এবং ডিপার্চার ফ্লাইট ৫টি) বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) এরাইভাল ও ডিপার্চার ফ্লাইট মিলিয়ে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। শনিবার ও রবিবার মিলিয়ে চট্টগ্রাম থেকে ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’
জেদ্দার উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছে একটি ফ্লাইট:
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল আরও জানিয়েছেন, রবিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৩৫ (ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা) ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
মাস্কাট থেকে চট্টগ্রাম আসছে একটি ফ্লাইট:
সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ মাস্কাট থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে, বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের ৬টি ফ্লাইট বাতিল করা হয়।
এর মধ্যে মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ-১৪৭ (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ইএ-১৫১ (ঢাকা-চট্টগ্রাম-শারজাহ) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৭টা। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৩৩ (ঢাকা-চট্টগ্রাম-দোহা) চট্টগ্রাম থেকে সম্ভাব্য ডিপার্চার সময় ছিল সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে।
আগমনী ফ্লাইটের মধ্যে এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০ (শারজাহ-চট্টগ্রাম) শারজাহ থেকে সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল ৩টা ২০ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-৩৪৪ (দুবাই-চট্টগ্রাম) দুবাই থেকে সম্ভাব্য স্থানীয় ডিপার্চার সময় ছিল বিকেল ৩টা ১০ মিনিটে। সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪০৩ (মাস্কাট-চট্টগ্রাম) মাস্কাট থেকে ডিপার্চার সম্ভাব্য স্থানীয় সময় ছিল সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে।
রিফাত/