টানা ২৫ দিন পর পুনরায় চালু হওয়ার কথা রয়েছে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। কাঁচা তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় বন্ধ ছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারটি।
তবে নতুন করে চালু হলে জ্বালানি খাতে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর সহযোগী প্রতিষ্ঠান ইআরএল গত ১২ এপ্রিল কাঁচা তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ফলে প্রধান ক্রুড ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে, পর্যায়ক্রমে সব উৎপাদন কার্যক্রম স্থগিত হয়।
ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, “যদি নির্ধারিত সময় অনুযায়ী জাহাজ পৌঁছায় এবং কোনো জটিলতা সৃষ্টি না হয় তাহলে বৃহস্পতিবার (৭ মে) থেকেই উৎপাদন শুরু করতে পারব।”
জানা গেছে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে প্রায় এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা জাহাজ ৬ মে কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজটি পৌঁছানোর পর বাংলাদেশ শিপিং করপোরেশনের সহযোগিতায় দ্রুত তেল খালাস শুরু হয়।
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকির কারণে কাঁচা তেল সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
এপ্রিলের শুরুতে একটি ট্যাঙ্কার দীর্ঘদিন আটকে থাকায় ও সংযুক্ত আরব আমিরাত থেকে একটি চালান বাতিল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। এই সংকট মোকাবেলায় সরকার বেশি দামে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করতে বাধ্য হয়।
দীর্ঘদিন পরে নতুন রুটে হরমুজ প্রণালী এড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে আরব সাগর হয়ে জাহাজ এসেছে বাংলাদেশে।
কর্মকর্তারা জানান, মে মাসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে দুইটি চালানে মোট দুই লাখ টন কাঁচা তেল আসবে। এতে অন্তত জুলাই পর্যন্ত সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা করছেন তারা।
ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন কাঁচা তেল পরিশোধন করে ডিজেল, পেট্রল, কেরোসিন ও জেট ফুয়েল উৎপাদন করে। দেশের মোট জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর হওয়ায় এই রিফাইনারির কার্যক্রম বন্ধ থাকলে ব্যয় বৃদ্ধি পায় ও তৈরি হয় সরবরাহে চাপ।
বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিশোধন করে থাকে ইআরএল। সর্বশেষ অর্থবছরে ১৬ লাখ টন জ্বালানী তেল উৎপাদন করেছিল দেশের একমাত্র এই রাষ্ট্রীয় তেল শোধনাগারটি।
দীর্ঘ ৫৬ বছর ধরে এই প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্য থেকে আসা অপরিশোধিত তেল পরিশোধন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে।
আমান/অমিয়/