প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে তাকে স্বাগত জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় ভিড় জমায় বিএনপির নেতা-কর্মীরা। এসময় গাড়িবহর থামিয়ে দল থেকে বহিষ্কৃত নেতা এবং চান্দিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শাওনের সমর্থক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশ অতিক্রম করেন। এর আগেই সকাল ৮টা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা ও চান্দিনা বাসস্ট্যান্ডসহ উপজেলা গেট এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দুই পাশে অন্তত দশ হাজারেরও বেশি নেতা-কর্মী অবস্থান নেন।
চান্দিনায় অবস্থান নেওয়া অধিকাংশ নেতা-কর্মীর হাতে ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এসব ব্যানারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়।
বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় জনসমাগমের কারণে প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতি কমে যায়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন বলে জানা যায়। এ ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে দল থেকে বহিষ্কার করা হলেও আমরা বিএনপির আদর্শ থেকে কখনও সরে যাইনি। আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে আমাদের নেতাকে কাছে টেনে নিয়ে দোয়া করেছেন এটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে শিগগিরই আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতিকুল আলম শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।
জহির শান্ত/রিফাত/