আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ।
তিনি বলেন, ‘নারী উদ্যোক্তাদের সাফল্যই বাংলাদেশের সাফল্য। নারী উদ্যোক্তারা যেসব নীতি উপস্থাপন করেন, সেগুলো শুধু আলোচনা করলে হবে না, বাস্তবায়নও করতে হবে।’
শনিবার (১৬ মে) গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত ‘অ্যাক্সিলারেটিং উইমেন’স এন্টারপ্রেনারশিপ ফর ইনক্লুসিভ গ্রোথ: রিকমেন্ডেশন রিপোর্ট শেয়ারিং ফর ন্যাশনাল বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনারের আয়োজন করে উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, অর্থনৈতিক সমীক্ষায় উঠে এসেছে কী ভয়ংকরভাবে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ হ্রাস পেয়েছে। আমাদের সরকারের সময়ও এমন সংকট দেখেছি। তখন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখিয়েছেন, সংকটকে কীভাবে সম্ভাবনায় রূপান্তর করতে হয়।’
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কৃষিবান্ধব ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মরহুমা খালেদা জিয়ার সময় কৃষকদের ১২ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছিল। তেমনি বর্তমান সরকারও মনে করে, নারীবান্ধব হতে হবে এবং নারীর মাধ্যমেই অগ্রগতি পরিমাপ করতে হবে। এর ধারাবাহিকতায় সার্বজনীন ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু করা হয়েছে, যা শুধু এশিয়ায় নয়, পুরো বিশ্বেই প্রথম।’
তিনি আরও বলেন, ‘নতুন উদ্যোক্তা তৈরির জন্য সহজ লাইসেন্স প্রক্রিয়া ও সহজ এসএমই ঋণ নিশ্চিত করতে সরকার নতুন নীতিমালা প্রণয়ন করবে। কারণ সরকার মনে করে, অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি ও কুটিরশিল্প বাংলাদেশের প্রাণ। এ খাতের সাফল্য মানেই বাংলাদেশের সাফল্য।’
তিনি বলেন, ‘নারী উদ্যোক্তা তৈরি করতে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। একইসঙ্গে বৈষম্যহীন সমাজব্যবস্থার কোনো বিকল্প নেই। বিভাজনের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে অন্তর্ভুক্ত করছে সরকার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবুল হাই সরকার এবং জাতীয় সংসদের সদস্য হেলেন জেরিন খান। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ওয়েব-এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল।
নাসরিন ফাতেমা আউয়াল আগামী বাজেটে নারীদের জন্যে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ, ভ্যাট কর ও শুল্কের হার কমানো, রাজস্ব আদায় সহজ করার দাবি জানান।
ফারজানা/রিফাত/