সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন কর্মকর্তাকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী, পরবর্তী উপযুক্ত পদে পদায়নের লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন ও বিচার বিভাগের উপসচিব মো. একরামুল কবির জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ার পর সেখানে কর্মরত জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা বেতন-ভাতা ও প্রশাসনিক অনিশ্চয়তার মুখে পড়েন। সচিবালয়ের কার্যক্রম সীমিত হয়ে আসায় এবং সংশ্লিষ্ট অফিসগুলো গুটিয়ে নেওয়ায় তাদের চাকরির ধারাবাহিকতা রক্ষায় এই সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সংযুক্তিকৃত কর্মকর্তাদের মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজ পদমর্যাদার বিচারিক কর্মকর্তারা রয়েছেন। তারা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- শেখ আশফাকুর রহমান, বেগম শারমিন নিগার, মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী, রুহুল আমিন ও মোহাম্মদ হেমায়েত উদ্দিন। তারা সুপ্রিম কোর্ট সচিবালয়ে সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা মুনসী আব্দুল মজিদ, মোহা. ইমদাদুল হক, বি এম তারিকুল কবির ও মনজুর কাদের, যারা সুপ্রিম কোর্ট সচিবালয়ে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাদেরও আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা মো. হারুন রেজা ও মো. হাফিজুল ইসলামকে উপসচিব পদ থেকে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) হিসেবে সংযুক্ত করা হয়েছে।
একইভাবে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার কর্মকর্তা মুহসিনা হোসেন তুষি ও সাদিয়া আফরিনকে সিনিয়র সহকারী সচিব পদ থেকে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র সিভিল জজ পদমর্যাদার কর্মকর্তা মো. আরমান হোসেনকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদ থেকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিনিয়র সিভিল জজ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং এটি গত ১০ এপ্রিল ২০২৬ থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে।
আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার, বিচারিক প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করা এবং অভিজ্ঞ বিচারিক কর্মকর্তাদের প্রশাসনিক কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এই সংযুক্তি কার্যক্রম নেওয়া হয়েছে।
উপসচিব মো. একরামুল কবির সংবাদমাধ্যমকে জানান, অধ্যাদেশ বাতিলের ফলে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কাঠামো ও কর্মকর্তাদের চাকরিগত অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে কর্মকর্তাদের চাকরির ধারাবাহিকতা, আর্থিক সুবিধা ও প্রশাসনিক অবস্থান সুরক্ষিত রাখতে সরকার তাদের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করেছে।
আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই সংযুক্তির মাধ্যমে বিচারিক কর্মকর্তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পদায়নের ক্ষেত্রেও একটি সুসংগঠিত প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব হবে। - বাসস
অমিয়/