পিআর পদ্ধতিকে কল্যাণকর বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, 'পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র সৃষ্টি হবে না। প্রতিটি দলের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করবে, এর মাধ্যমে আমাদের দেশটি হবে সোনার বাংলাদেশ। এখানে কোন খুনি চাঁদাবাজ সৃষ্টি হবে না।'
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সোয়া ৬টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ইসলামী যুব আন্দোলনের যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বর্তমান সরকারের উদ্দেশ্য বলেন, 'এ সরকার তিনটি কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় এসেছিলেন। কমিটমেন্টগুলো ছিল- সংস্কার, দৃশ্যমান বিচার এবং জাতীয় নির্বাচন। তবে সেটি দৃশ্যমান হওয়ার আগেই এ সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছে। এ সরকারের ওপর নিশ্চই কোথাও থেকে অজানা-অচেনা জ্বীন ভর করছে। এই জ্বীন ভরের মাধ্যমে আমাদের আর কোনো মায়ের বুক খালি করতে দেব না।'
সমাবেশে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ প্রধান বক্তার বক্তব্যে বলেন, 'এ সরকার জনগণের সরকার নয়, এ সরকারকে আমরা বসিয়েছি, তবে তারা ছলেবলেকৌশলে সময় ক্ষেপণ করছে। ফ্যাসিবাদে ভাষা আমরা জনগণ বুঝি। নতুন করে কোনো ফ্যাসিবাদে সৃষ্টি হতে দেওয়া হবে না।আগের ফ্যাসিবাদ তো পালিয়ে যেতে পারছিল। যদি ভবিষ্যতেও নতুন করে ফ্যাসিবাদ সৃষ্টি হয়, তাহলে তারা পালিয়ে যেতে পারবে না। বাংলার জমিনে তাদের বিচার করবে জনগণ।'
এতে শরীয়তপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এসএম আজিজুল হক,ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি এস এম আহসান হাবিব।
রাজিব/মেহেদী/