সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক তালিকা থেকে বঞ্চিত হয়েও হাজারো নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজয় নিশ্চিত করতে হলে সুনামগঞ্জে প্রতিহিংসার রাজনীতি চলবে না।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান নিজ বাড়িতে ফিরে এলে হাজারো জনতা তাকে সমর্থন জানাতে উপস্থিত হন এবং আগামীতে তার পাশে থাকার অঙ্গীকার করেন।
ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে আমার কানের পর্দা ফেটে যায় উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনো আন্দোলনে পিছিয়ে যাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা ফেটে যায়। আমি বৈষম্য বিরোধী ছাত্রজনতার গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি।
তিনি বলেন, আমি দলের মনোনয়নপ্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। আপনারা অশ্রুসিক্ত নয়নে যে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেই ভালোবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করে যাব। আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা। শহীদ জিয়ার ধানের শীষ আমার ঠিকানা।
গ্রামীণ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের মার্কা হিসেবে ধানের শীষকে উল্লেখ করে তিনি বলেন, হাওরাঞ্চলে ৩১ দফা ও ধানের শীষের প্রচারে উঠান বৈঠক করে নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছি। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
খালেদা জিয়ার জন্য দোয়া ও হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নতুন বাংলাদেশের আস্থার জায়গা হিসেবে অভিহিত করে তিনি তার জন্য সবার কাছে দোয়া চান।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে সততার সঙ্গে আমৃত্যু কাজ করে যাব।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফরিদ মিয়া তালুকদার, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছবর আলী, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়া, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শফিকুল ইসলাম/নাঈম