চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মনোনয়নবঞ্চিত বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট বাজার মিলিক মোড়ে
অবস্থান নিয়ে বিক্ষোভ করে নেতা-কর্মীরা।
গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ জন সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ঘোষণা করা হয় বিএনপি চেয়ারপানসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিঞার নাম। নাম ঘোষণা ছয় দিন পর শিবগঞ্জের আপামর সর্বস্তরের জনগণ ব্যানারে শিবগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোনামসজিদ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, অধ্যাপক শাহজাহান মিঞাকে মনোনয়ন দেওয়ায় দলের ত্যাগী ও যোগ্য নেতা বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, সৈয়দ শাহিন শওকতকে মনোনয়ন দেওয়া হোক, যিনি তৃণমূলের নেতা-কর্মীদের কাছে অধিক গ্রহণযোগ্য।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহা. হায়াত উদ্দৌলা, বিএনপি নেতা এরশাদ আলী বিশ্বাস, মো. জিন্নুর রহমান, আহসান কবির টুটুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ অন্যান্যরা।
শাহীন শওকতকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত শিবগঞ্জে বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, শাহিন শওকতের কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করার খবরে পুলিশ সেখানে গিয়ে অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরে যাওয়ার জন্য। পরে অবরোধকারীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সৈয়দ শাহিন শওকত বলেন, ‘বিক্ষোভ বা সড়ক অবরোধের বিষয়টি আমার জানা নেই। তবে শিবগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন। তারা জানেন বিএনপির জন্য শিবগঞ্জে কে বা কারা ডেডিকেটেড। হয়তো এবারের প্রার্থী বছাইয়ে তাদের আকাঙক্ষার বা প্রত্যাশার প্রতিফলন হয়নি, তাই কর্মসূচি পালন করেছেন।’
শাহিন শওকত আরও বলেন, ‘দলের হাইকমাণ্ড যে সিদ্ধান্ত নিয়েছেন সেটার বাইরে যাওয়ার সুযোগ নেই।’
আসাদুল্লাহ/অমিয়/