শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান ও পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে যান তারা। এ সময় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পরে দোয়া ও মোনাজাত করেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে তারা চলে যান।
ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারত ও দোয়া পাঠের সুযোগ উন্মুক্ত ছিল। তবে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এর আগে গত বৃহস্পতিবারও খালেদা জিয়ার কবরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মী ও সাধারণ মানুষ দোয়া ও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার তার জানাজা ও দাফন সম্পন্ন হয়। জানাজায় দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
নাঈম/