ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলায় ৩৩টি আসনে ৪ হাজার ৫৪৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৮২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আংশিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ১ হাজার ৭৩৪টি কেন্দ্রকে।
বিভাগীয় নির্বাচন কমিশন ও পুলিশের বিশেষ শাখার তথ্য অনুযায়ী বিশ্লেষণ করে এ তালিকা করা হয়েছে। তালিকাটি খবরের কাগজের হাতে এসেছে।
রংপুর বিভাগে আট জেলায় ৩৩ সংসদীয় আসনে ভোটার ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫৬ জন। তারা ৪ হাজার ৫৪৬ কেন্দ্রে ভোট দেবেন। রংপুরের ৬টি আসনে ১৯ লাখ ৮৯ হাজার ৫৫৪ ভোটার ৬৬৯টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ৩১৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা জেলায় ৫ আসনে ২১ লাখ ৬৪ হাজার ৬২৭ ভোটার ৬৭৫ কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ৩৭৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। কুড়িগ্রাম জেলায় ৪ আসনে ১৮ লাখ ৭৬ হাজার ৬২২ ভোটার ৭০৬ কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ৪৮৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।
একইভাবে লালমনিরহাট জেলায় ৩ আসনে ১১ লাখ ৩১ হাজার ৭৯৬ ভোটার ৩৮৬টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ২১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নীলফামারী জেলায় ৪ আসনে ১৫ লাখ ৭৩ হাজার ৬৩ ভোটার। ভোটকেন্দ্র ৫৬২। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ২৫৮।
দিনাজপুর জেলায় ৬টি আসনে ২৬ লাখ ৪৬ হাজার ৯৮২ ভোটার। এখানে ভোটকেন্দ্র ৮৪৪। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫৩৯। ঠাকুরগাঁও জেলায় ৩টি আসনে ১২ লাখ ১ হাজর ৪৭৩ ভোটার ৪১৭টি কেন্দ্রে ভোট দেবেন। এর মধ্যে ২০৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া পঞ্চগড় জেলায় ২টি আসনে ভোটার ৮ লাখ ৭০ হাজার ৩৩৯। ভোটকেন্দ্র ২৮৭। এর মধ্যে ১৬০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ।
পুলিশ বলছে, যে কেন্দ্রগুলোতে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে বা আগের কোনো রেকর্ড রয়েছে, সেগুলোকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের কাছে বডিওর্ন ক্যামেরা থাকবে। কোনো দুষ্কৃতকারী যদি কোনো প্রকার ঘোলাটে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তা স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, এসপি সাহেব, ইলেকশন কমিশন সরাসরি দেখতে পারবে। ইলেকশন কমিশন, প্রিসাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার যদি মনে করেন ভোট গ্রহণ বন্ধ করা প্রয়োজন, সঙ্গে সঙ্গে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।