কুমিল্লার দাউদকান্দি মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের ব্যবহৃত বিপুলসংখ্যক অস্ত্র লুটের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র ব্যবহৃত হলে ভোট প্রক্রিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরাপদ রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সরকার পতনের পর দাউদকান্দি থানায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। ওই সময় তারা থানার অস্ত্রাগার থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। অস্ত্র ছাড়াও নগদ অর্থ, জব্দ করা যানবাহন ও গুরুত্বপূর্ণ মালামাল লুট হওয়ার অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানা থেকে লুট হওয়া প্রায় ৯টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এর মধ্যে ব্যক্তিগত লুট হওয়া লাইন্সেস করা ২৭টি অস্ত্রের মধ্যে ৫টি উদ্ধার হলেও, এখনো উদ্ধার হয়নি ২২টি অস্ত্র।
স্থানীয় সচেতন মহলের মতে, লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের সময়ে পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
যুব বিভাগের পৌর সেক্রেটারি তৌফিক রুবেল বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন। তার মতে, নির্বাচনের আগে এসব অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
নির্বাচনের আগে থানা থেকে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্বেগ প্রকাশ করে কুমিল্লা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মনিরুজ্জামান বাহলুল বলেন, ‘অতিদ্রুত লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাই। এখনো এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।’
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ‘লুটের অস্ত্র উদ্ধারে এলাকার সচেতন মহলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লুট হওয়া অস্ত্র বা অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি।’