বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে। দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটকেন্দ্রে যেতে মানুষকে ভয় ও বাধার মুখে পড়তে হয়েছে। তবে এবার আল্লাহর রহমতে সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।
“এই নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়, এটি গণতন্ত্র ফিরে পাওয়ার দিন। আমি সবাইকে আহ্বান জানাই—পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।”
শনিবার ( ৭ফেব্রুয়ারি) চকরিয়া সুরাজপুর ভিলেজার পাড়া এলাকায় নির্বাচনি পথসভায় কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমি আপনাদের পরীক্ষিত মানুষ, আপনাদের সন্তান। প্রায় তিন দশক ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আপনাদের কল্যাণ ছাড়া নিজের জন্য কিছুই করিনি। আমার বয়স হয়েছে, ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আল্লাহ আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন শুধু আপনাদের সেবা করার জন্য।”
তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি যখন কারাগারে ছিলাম, তখনও আপনারা আমার স্ত্রীকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। সেই আস্থা ও ভালোবাসা আমাকে আজও শক্তি জোগায়।”
চকরিয়া, পেকুয়া ও কক্সবাজারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা যদি আবারও আস্থা রাখেন, তাহলে এই জনপদে এমন উন্নয়ন করব, যা আপনারা আগে কখনো কল্পনাও করেননি।”
বিএনপির রাজনৈতিক দর্শন তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় আদর্শের উত্তরাধিকারী। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের উত্তরাধিকার বহন করছি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা আত্মত্যাগ করেছেন, আমরা তাদের আদর্শ ধারণ করি।”
তিনি বলেন, “বিএনপি বাংলাদেশের সব ধর্ম, বর্ণ ও সংস্কৃতির মানুষকে ধারণ করে। আমরা তারুণ্যের স্বপ্ন, মেধা ও চিন্তাকে মূল্য দিই। আমাদের লক্ষ্য একটি মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশ গড়ে তোলা।”
শেষে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ভোট দিলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো এবং একটি শক্তিশালী, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।”
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রকিবুল হাসান/এসএন