রংপুরে ডিস ও ইন্টারনেট ক্যাবল অপারেটরের অফিসে গিয়ে হুমকি ও ভাঙচুরের অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় যুবদল সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানায়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু এবং সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত দুই যুবদল নেতার প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
কেবল অপারেটর কর্তৃপক্ষ ও ভাইরাল হওয়া ফুটেজে জানা গেছে, রংপুর নগরীর কামালগাছড়া এলাকায় ক্যাবল ওয়ান ডিসের লাইন কেটে দেওয়ায় ওই এলাকায় লাইন বন্ধ রয়েছে। ওই ফিডারে লাইন চালাতেন স্থানীয় এক যুবক। ওই ফিডারের লাইন যুবদল নেতা গালিবকে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। কেবল ওয়ান কর্তৃপক্ষ রাজি না হওয়ায় রবিবার দুপুর ২টার দিকে প্রেসক্লাব ভবনের বিপরীতে যুবদল নেতা মনু ও গালিব কয়েকজন যুবককে নিয়ে কেবল ওয়ান কার্যালয়ে আসে।
ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা মনু কেবল ওয়ান কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছেন গালিবের নামে ফিডার দেওয়া না হলে ক্যাবল ওয়ানের জিএম কাফির বাসায় গিয়ে তাকে-সহ পুরো পরিবারকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় এক কর্মকর্তাকে মারধর ও ল্যাপটপ ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অফিসের লোকজন পালিয়ে যান।
এরই প্রেক্ষিতে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করে কেবল ওয়ান কর্তৃপক্ষ।ফলে রংপুর জেলার ডিসের মাধ্যমে টেলিভিশন সম্প্রচার পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ ঘটনার পর কেবল ওয়ান কর্তৃপক্ষ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। দাবিগুলো হলো, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের অতি দ্রুত গ্রেপ্তার করা, প্রতিষ্ঠানের পরিবার পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ব্যাপারে মনুর ফোনে যোগাযোগ করারর চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, লিখিত অভিযোগ নেওয়ার জন্য রাত তিনটা পর্যন্ত থানায় অপেক্ষা করেছেন। তারপর সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সেলিম সরকার/অমিয়/