দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৩১ মে) জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। কর্মসূচি পালন না করে উল্টো তারা জেলা বিএনপির নেতা ও স্থানীয় এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতেছিলেন। তাদের এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
এতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট এই অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হলো। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি পালন না করে, ব্যানারে বিএনপি নেতা ও এমপির নাম ব্যাবহার করে তারা অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবের আয়োজন করেছে। বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। অসাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় জেলা বিএনপি সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করেছে।’
সাগর কুমার/সালমান/