গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার অধিকার অর্পণ করে। তাই প্রতিটি নির্বাচনের সঙ্গে জনগণের নানা প্রত্যাশা জড়িত থাকে। প্রথমত, জনগণের প্রধান প্রত্যাশা হলো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তারা চায় কোনো প্রকার প্রভাব, কারচুপি বা সহিংসতা ছাড়া ভোট দেওয়ার সুযোগ। ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভোটের ফলাফল সঠিকভাবে প্রকাশ করা জনগণের মৌলিক দাবি। দ্বিতীয়ত, জনগণ আশা করে নির্বাচিত জনপ্রতিনিধিরা সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী হবেন। দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত একটি নেতৃত্ব জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকে। তৃতীয়ত, নির্বাচনের মাধ্যমে জনগণ উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশা করে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা ও দারিদ্র্য বিমোচনের মতো মৌলিক সমস্যাগুলোর কার্যকর সমাধান তারা নতুন সরকারের কাছে প্রত্যাশা করে। পাশাপাশি তাদের এটাও নিশ্চিত করতে হবে যে, সমাজে ধনী-গরিব বলে বিচারের ক্ষেত্রে বৈষম্য করবে না। প্রত্যেক সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকে তার ন্যায়বিচার নিশ্চিত করবে। এ ছাড়া জনগণ চায় নির্বাচিত সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিক এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হোক। নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবে রূপ দেওয়াই জনগণের আস্থার মূল ভিত্তি।
রাকিব ইসলাম আকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
সদস্য, রাজশাহী ইউনিভার্সিটি রাইটার্স সোসাইটি
[email protected]