ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার পোশাক ছাড়া গোসল করলে ওজু থাকবে কি? গুজব ও বিচারাধীন ইস্যুতে সংসদের সময় নষ্ট না করার আহ্বান স্পিকারের চালের বাজারে কারসাজি ঠেকাতে কঠোর নজরদারি চলছে: খাদ্য প্রতিমন্ত্রী নতুন ও প্রথম আয়কর রিটার্ন  দাখিলকারীর প্রতি পরামর্শ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও উদ্বেগ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন-সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির

মহাকাশ গবেষণার গুরুত্ব

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পিএম
মহাকাশ গবেষণার গুরুত্ব

মহাকাশ বা মহাশূন্য হলো পৃথিবী এবং আমাদের বায়ুমণ্ডলের বাইরের সব অসীম এবং রহস্যময় জগৎ। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে অবস্থিত। এ মহাবিশ্ব নিয়ে অধ্যয়ন মূলত আমাদের মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করে এবং মহাজগতে আমাদের অবস্থান নিয়ে ভাবতে উৎসাহিত করে। মহাকাশ অভিযান মানবজাতির বৈজ্ঞানিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাশ অভিযান কেবল বৈজ্ঞানিক অনুসন্ধান নয়, বরং এটি মানবজাতির উদ্ভাবনী ক্ষমতা ও অজানাকে জানার অদম্য ইচ্ছার প্রতীক। পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহ বা উপগ্রহে (যেমন চাঁদ, মঙ্গল) মূল্যবান খনিজ সম্পদের সন্ধান এবং ভবিষ্যতে মানুষের বসতি স্থাপনের সম্ভাবনা  অন্বেষণে  মহাকাশ অভিযান খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মহাকাশ অভিযান দ্বারা পৃথিবী পর্যবেক্ষণ ও পরিবেশ রক্ষায় কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়। বর্তমান যুগে মহাকাশ অভিযান কেবল বৈজ্ঞানিক অনুসন্ধানই নয়, বরং এটি মানবজাতির সামগ্রিক জ্ঞান ও সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর্টেমিস-২ মিশন ছিল চাঁদে মানুষের পুনরায় পা রাখার এক সফল পরীক্ষামূলক মহাকাশ যাত্রা। কেবল একবারের জন্য নয়, ভবিষ্যতে এমন আরও অনেক রোমাঞ্চকর অভিযানের পথ খুলে দিল আর্টেমিস-২। এ অর্জন শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং মানবজাতির অদম্য অনুসন্ধিৎসা ও অজানাকে জানার আকাঙ্ক্ষার একটি উজ্জ্বল উদাহরণ। পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশের বিস্ময়গুলো ধীরে ধীরে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে, আর প্রতিটি আবিষ্কার আমাদের ভবিষ্যতের সম্ভাবনাকে আরও বিস্তৃত করে তুলছে।


মো. জাহিদুল ইসলাম 
নেটওয়ার্ক টেকনিশিয়ান (আইসিটি সেল), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
[email protected]

নতুন ও প্রথম আয়কর রিটার্ন  দাখিলকারীর প্রতি পরামর্শ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
নতুন ও প্রথম আয়কর রিটার্ন 
দাখিলকারীর প্রতি পরামর্শ

১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম। যারা আগে কখনো রিটার্ন দাখিল করেননি, অর্থাৎ নতুন ও প্রথম রিটার্ন দাখিলকারী ব্যক্তিদের উচিত সম্পত্তি ও সোনার মূল্য সঠিকভাবে প্রেজেন্টশন করা। একজন কর আইনজীবী হিসেবে এর তিনটি লজিক্যাল কারণগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি: প্রথমত, আপনি যদি সম্পত্তি বা সোনার মূল্য আয়কর রিটার্নে প্রদর্শন না করে মূল্য অজানা বা মূল্য শূন্য লেখেন তাহলে ভবিষ্যতে ওই সম্পত্তি বিক্রি করে নতুন সম্পত্তি সংযোজন করার ক্ষেত্রে অর্থের উৎস-সংক্রান্ত জটিলতা সৃষ্টি হবে। দ্বিতীয়ত, আপনি যদি সম্পত্তি বা সোনার সঠিক মূল্য আয়কর রিটার্নে প্রদর্শন না করে মূল্য কম বা বেশি তথা অযৌক্তিক মূল্য লিপিবদ্ধ করেন তাহলে ভবিষ্যতে ওই সম্পত্তি বিক্রির ক্ষেত্রে মূলধনী আয় অর্থাৎ ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনে ঝামেলা সৃস্টি হবে। তৃতীয়ত, আপনি যদি সম্পত্তি বা সোনার মূল্য-সংক্রান্ত তথ্য অস্পষ্ট ও অস্বচ্ছ রেখে রিটার্ন দাখিল করেন তাহলে এনবিআর ভবিষ্যতে নিট পরিসম্পদের মূল্যমান ও সারচার্জ-সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করতে পারে। সুতরাং, সম্পত্তি বা সোনার মূল্য লিপিবদ্ধ করার ক্ষেত্রে ওই সম্পত্তির প্রকৃত মূল্য, বাজারমূল্য ও দলিলমূল্য সুনিপুণভাবে বিবেচনা করা এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে  দক্ষ কর আইনজীবী বা কর অনুশীলনকারীর সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন। এ প্রযুক্তির যুগে অনলাইনে অনেক কিছুই যাচাই করা যায়–এ কথা মাথায় রেখে নতুন ও প্রথম রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিচ্ছন্ন থাকা উচিত, তাহলে ভবিষ্যতে ঝুঁকি, হয়রানি ও বাড়তি করের বোঝা এড়ানো সম্ভব। স্বচ্ছতাই পারে জবাবদিহি রুখতে।

পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত 
সদস্য, নীলফামারী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
[email protected]

নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার?

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
নয়নের খাল খননে নয়ন কি জুড়াবে এবার?

একটি খাল খননের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এলজিইডি প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জে ছুটে এসেছেন। তাতেই নয়নের খালে পানির স্রোতধারা বইতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে নয়নের খালটি দখল ও দূষণের কবলে পড়ে তিলে তিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছিল। কিন্তু একটি সংবাদ দেখে প্রধানমন্ত্রী এলজিইডি প্রতিমন্ত্রীকে খালটি খননের নির্দেশনা দেন। এমনকি দখলদারদের প্রতিও তিনি কঠোরতা প্রদর্শন করেছেন। তবে প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপেও কি খালে পানি প্রবাহিত ধারা অব্যাহত থাকবে? খাল খননে দেখা যায়, যেখানে খাল রয়েছে ৪০ ফুট, সেখান থেকে মাত্র একটি নালাসদৃশ্য খনন কার্যক্রম করা হচ্ছে দেশজুড়ে। লোক দেখানো এ খাল খনন কর্মসূচি কি প্রধানমন্ত্রী চেয়েছেন? দেখা যায়, খননের কয়েক দিনের মধ্যে তা আবার ময়লার ভাগাড়ে পরিণত হয়। তাতে জনগণের করের পয়সা এক শ্রেণির লুটেরাদের পকেটে ঢুকে থাকে। মুন্সিগঞ্জের বিনোদপুর এলাকা দিয়ে প্রবাহিত হওয়া নয়নের খাল খননে এসে এলজিইডি প্রতিমন্ত্রী স্থানীয় এমপিকে জিজ্ঞেস করলেন, আপনি আবার দখলদারদের জন্য তদবির করবেন কি না? প্রতিত্তোরে স্থানীয় এমপি বললেন, আমি তদবির করব, তবে দখলদারদের রক্ষার জন্য নয়, দখল উচ্ছেদের জন্য। এ কথাটি অনেক ছোট একটি কথা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বড় ধরনের মর্মবাণী। তার কারণ যখনই স্থানীয় প্রশাসন কোনো উচ্ছেদ অভিযানে যায় তার আগেই তদবিরবাজরা এমপিকে ধরে তা ভাঙা বন্ধ করে দেয়। যে খালগুলো ছিল এক সময় প্রাণ-প্রকৃতির জন্য আশীর্বাদস্বরূপ তা এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়ে মানুষের জন্য দুর্ভোগের সৃষ্টি করছে। নয়নের খালের খনন কাজ শেষে পানির স্রোতধারা বয়ে সব জঞ্জাল দূরীভূত হোক, সে প্রত্যাশাই করছি রাষ্ট্রের কাছে।

হাজি মো. রাসেল ভূঁইয়া
খলিফাবাড়ি, সিপাহিপাড়া, মুন্সীগঞ্জ
[email protected]

ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
ঘরছাড়া মানুষের বাস্তবতা ও বৈশ্বিক দায়িত্ব

যুদ্ধ, সংঘাত, নিপীড়ন, জাতিগত বৈষম্য, ধর্মীয় উগ্রতা, রাজনৈতিক দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে নিজ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া কোটি কোটি মানুষের প্রতি মানবিক শ্রদ্ধা ও সংহতি প্রকাশের দিন এটি। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘শরণার্থীদের প্রতি সংহতি’ বিশ্ববাসীকে কেবল সহানুভূতি নয়, বরং কার্যকর ও টেকসই মানবিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

শরণার্থী কারা? শরণার্থী বা উদ্বাস্তু হলো এমন ব্যক্তি, যিনি জাতিগত নিপীড়নের শিকার হয়ে দেশ ত্যাগ করেন, ধর্মীয় স্বাধীনতা হারিয়ে নিরাপত্তাহীনতায় পড়েন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে হুমকির মুখে থাকেন, যুদ্ধ বা সশস্ত্র সংঘাত থেকে জীবন বাঁচাতে পালিয়ে যান, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর কারণে নির্যাতনের শিকার হন। ১৯৫১ সালের জেনেভা শরণার্থী কনভেনশন শরণার্থীদের সংজ্ঞা, অধিকার ও সুরক্ষার আন্তর্জাতিক ভিত্তি নির্ধারণ করেছে।

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ আমাদের মনে করিয়ে দেয়, শরণার্থীসংকট কোনো সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি মানবতার সংকট। ‘শরণার্থীদের প্রতি সংহতি’ তখনই অর্থবহ হবে, যখন তা বাস্তব পদক্ষেপে রূপ নেবে। বাংলাদেশের রোহিঙ্গা অভিজ্ঞতা দেখিয়েছে মানবতা এখনো বেঁচে আছে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও দায়িত্বশীল, সমন্বিত ও কার্যকর উদ্যোগ অপরিহার্য। শরণার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বিশ্বের মূল ভিত্তি।

ডা. মু. মাহতাব হোসাইন মাজেদ

হাইড্রোলিক হর্নের অত্যাচার ও বিপন্ন জনস্বাস্থ্য

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
হাইড্রোলিক হর্নের অত্যাচার ও বিপন্ন জনস্বাস্থ্য

বর্তমান সময়ে আমাদের নাগরিক জীবনের অন্যতম বড় এক অভিশাপের নাম শব্দদূষণ, যার প্রধান উৎস যানবাহনের অনিয়ন্ত্রিত হাইড্রোলিক হর্ন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঢাকা শহরসহ দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা শহরে এই হর্নের ব্যবহার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে। বিশেষ করে বাস, ট্রাক এবং মোটরসাইকেল চালকদের মধ্যে বিনা প্রয়োজনে তীব্র শব্দে হর্ন বাজানোর এক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। মোড়ে মোড়ে যানজটে আটকে থেকেও চালকরা অবিরত হর্ন বাজিয়ে চলেন, যা কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারে না।

এই মাত্রাতিরিক্ত শব্দের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশু, গর্ভবতী নারী এবং রোগীরা। প্রতিনিয়ত কানের পর্দা ফাটানো এই শব্দের মধ্যে বসবাস করায় সাধারণ মানুষের মধ্যে শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, অনিদ্রা এবং চরম মানসিক অবসাদের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের সামনে ‘হর্ন বাজানো নিষেধ’ সাইনবোর্ড থাকলেও কেউ তা তোয়াক্কা করছে না। আইন প্রয়োগকারী সংস্থার শিথিলতা এবং চালকদের অসচেতনতাই এ সংকটের জন্য দায়ী। এই নীরব ঘাতকের হাত থেকে নাগরিকদের বাঁচাতে হলে শুধু আইন করলেই হবে না, তার কঠোর বাস্তবায়ন প্রয়োজন। নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন আমদানি ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং আইন অমান্যকারী চালকদের ভারী জরিমানাসহ লাইসেন্স বাতিলের মতো শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা জরুরি। আমরা একটি শব্দদূষণমুক্ত, শান্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।

ওসমান গনি 
সাংবাদিক ও কলামিস্ট, কুমিল্লা 
[email protected]

একটি ব্রিজের অভাবে থমকে আছে জনজীবন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
একটি ব্রিজের অভাবে থমকে আছে জনজীবন

যে গ্রামে কখনো চার চাকার গাড়ি প্রবেশ করতে পারে না, কখনো যদি আগুন লাগে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই পুরো গ্রাম পুড়ে ছাড়খার হয়ে যাবে। বলছি শেরপুর জেলার ঝিনাইগাতীর নলকুড়া গ্রামের কথা। অথচ নলকুড়ার সঙ্গে উপজেলা সদরের দূরত্ব মাত্র এক কিলোমিটার। মাঝখানে মহারশি নদী। এ নদীর নলকুড়া ইউনিয়ন অংশে কোনো ব্রিজ না থাকায় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ঘুরে উল্লিখিত ছয় গ্রামের লক্ষাধিক মানুষকে উপজেলা সদরে যেতে হয়। বর্ষাকালে এ যাতায়াত আরও দূর্বিষহ হয়ে পড়ে। উপরন্তু, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উপজেলা সদরকেন্দ্রিক হওয়ায় ওই ছয় গ্রামের হাজারো শিক্ষার্থীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীদের অনেকটা ঘরবন্দি থাকতে হয়। এ কারণে শিক্ষাজীবন ব্যাহত হয় এবং অনেকের শিক্ষাজীবন মাঝপথে ঝরে পড়ে। এ ছাড়া মুমূর্ষু রোগী বিশেষ করে গর্ববতী ও প্রসূতি মায়েদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিতে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। মৃত্যুঝুঁকিতে পড়ে মা ও নবজাতক। অত্র এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে মহারশি নদীর ডাকাবর অংশে একটি ব্রিজ নির্মাণের দাবি বহুদিনের। সুতরাং, মহারশি নদীর ডাকাবর অংশে একটি ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 

মনিরুজ্জামান মনির
নলকুড়া, ঝিনাইগাতী, শেরপুর