রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার শহরে ব্যাটারিচালিত রিকশাগুলোর গতি বেপরোয়া হয়ে উঠছে। রিকশাগুলো অলিগলি ছেড়ে প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে। দিন দিন যেন পাল্লা দিয়ে এগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া অদক্ষ ও নাবালক চালকরা বেপরোয়া গতিতে রিকশাগুলো চালানোর জন্য দুর্ঘটনার ঘটনা বেড়ে চলেছে। এসব চালকের অনেকেরই কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ বা লাইসেন্স নেই। বিশেষ করে বিভিন্ন জেলার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশাগুলো গতির ঝড় তুলে বড় বড় যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে, যা নিতান্তই বিপজ্জনক। দেশের ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে। এ যানবাহনগুলো প্রায়শই নির্দিষ্ট লেন বা নিয়ম মেনে চলে না। আবার ব্যাটারিচালিত রিকশার সহজলভ্যতা দেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ তৈরি করছে। অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারি চার্জিং স্টেশন গড়ে ওঠায় সেগুলো আমাদের বিদ্যুৎ খাতের ক্ষতি করছে। ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে তীব্র লোডশেডিং হচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এদের সরাসরি নিষেধাজ্ঞা দিয়ে উদ্ভুত সমস্যার সমাধান করা সম্ভব হবে না। কা ব্যাটারিচালিত রিকশা অনেক মানুষের জীবিকার উৎস। হঠাৎ করে চলাচল বন্ধ করলে চালক ও সংশ্লিষ্টদের জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। তাই নির্দিষ্ট রুট নির্ধারণ করে সেখানে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিতে হবে। সেই সঙ্গে চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। সরকার ও সংশ্লিষ্ট মমন্ত্রণালয়কে অনুরোধ করছি অতি দ্রুত সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা চলাচল সীমিত করুন।
মো. শাহরিয়ার সৌরভ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]