ইসলাম মানে শান্তির বিধান। ইসলাম মানে মঙ্গল। কল্যাণকামিতার অপর নাম ইসলাম। পরকালীন জীবনে সফল হওয়ার কথা বলার পাশাপাশি মানুষকে ইহকালীন জীবনে সফল হওয়ার নির্দেশনাও দিয়েছে ইসলাম। গণমাধ্যম যেভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে মূল্যায়িত, একইভাবে ইসলামের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সুস্থ ও সঠিক ব্যবহারকে উৎসাহিত করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ইসলাম। বাংলা ভাষায় প্রকাশিত মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজে থাকছে ইসলাম নিয়ে সাপ্তাহিক বিশেষ আয়োজন। ইসলামের শান্তির বাণী, কল্যাণকামিতার কথা, মানবতার দীক্ষা এবং শুভ ও সুন্দরের বার্তা নিয়ে নির্মিত হবে এ আয়োজন। এ আয়োজন ও পত্রিকার সার্বিক পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক মন্তব্য জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আট আলেম ও দ্বীনদার ব্যক্তি।
বিভ্রান্তিকর, ক্ষতিকর এবং ভিত্তিহীন খবর এড়িয়ে চলুন
—মাওলানা মাহমুদুল হাসান
সভাপতি, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ মিডিয়া। এ স্তম্ভের সঠিক ব্যবহারের মাধ্যমে যেমন কোটি কোটি মানুষের কল্যাণ করা সম্ভব; অপব্যবহারের মাধ্যমে তেমন কোটি কোটি মানুষের ক্ষতি করাও সম্ভব। মিডিয়ার শক্তিকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
নতুন আয়োজনে নব-আঙ্গিকে দৈনিক খবরের কাগজ নামে একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে শুনে আমি আনন্দিত। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার আহ্বান থাকবে, পত্রিকাটি যেন সব স্তরের সব মানুষের কল্যাণসাধনের একটি আয়োজন হয়। বিভ্রান্তিকর, ক্ষতিকর এবং ভিত্তিহীন কোনো খবর যেন এ কাগজে প্রকাশিত না হয়। আল্লাহতায়ালার কাছে দোয়া রইল—পত্রিকাটির পথচলা মসৃণ হোক।
গণমানুষের সংবাদকে গুরুত্ব দেওয়ার আহ্বান রইল
—ফরীদ উদ্দীন মাসঊদ
ইমাম, শোলাকিয়া ঈদগাহ ময়দান
সংবাদপত্র বা গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামও গণমাধ্যমকে গুরুত্ব দিয়েছে। দৈনিক খবরের কাগজ নামে নতুন একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে—এটা সুখবর। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে গণমানুষের সংবাদকে গুরুত্ব দেওয়ার আহ্বান রইল। পত্রিকাটি বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধকেও গুরুত্ব দিয়ে কোরআন-সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা প্রচারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছি।
একপেশে বা অনিরপেক্ষ এবং পক্ষপাতদুষ্ট সাংবাদিকতাকে বর্জন করে জনসাধারণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে হবে।
নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদে ভরে থাকবে প্রতিটি পাতা
—ফরিদুল হক খান
প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়
দৈনিক খবরের কাগজ নামে বাংলা ভাষায় নতুন একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আশা করছি, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ খবরই হবে এই পত্রিকার মূল উপজীব্য। খবরগুলোকে গল্প-কাহিনি আকারে প্রকাশের একটি অসাধু ধারা চালু হয়েছে বাংলাদেশে। আশা করব দৈনিক খবরের কাগজ এই ধারা এড়িয়ে সত্য ও তথ্যভিত্তিক খবর পাঠকের কাছে তুলে ধরবেন। কারণ খবরকে যখনই গল্প-কাহিনি বানানো হয়; তখন খবরের ভেতরের খবর বা আসল খবর হারিয়ে যায়। প্রত্যন্ত অঞ্চলের মানুষের খবর, জনগণের কল্যাণের খবর, স্বাধীনতা ও সার্বভৌমত্বের খবর এবং দেশ ও জাতির উন্নয়নের খবরসহ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদে ভরে থাকবে দৈনিক খবরের কাগজের প্রতিটি পাতা।
জনসাধারণের সার্বিক কল্যাণে কাজ করতে হবে
—মুফতি রূহুল আমীন
খতিব, বায়তুল মোকাররম মসজিদ
গণমাধ্যম বা মিডিয়া সাধারণ জীবনের বিবেচনায় যেমন গুরুত্বপূর্ণ, ধর্মীয় বিধিবিধানের বিবেচনায়ও তেমন গুরুত্বপূর্ণ।
ইসলাম ধর্ম মিডিয়াকে গুরুত্ব প্রদান করার পাশাপাশি এর সুস্থ ব্যবহার নিশ্চিত করার প্রতিও গুরুত্ব আরোপ করেছে।
দৈনিক খবরের কাগজ নামে নতুন একটি পত্রিকা প্রকাশিত হচ্ছে এবং তারা গুরুত্বসহকারে ইসলাম ধর্ম নিয়ে একটি বিশেষ আয়োজনও রাখছেন—এ বার্তা শুনে আমি আনন্দিত হয়েছি। নতুন এ গণমাধ্যমটি সব সময় জনসাধারণের সার্বিক কল্যাণে কাজ করবে এবং গণমানুষের কথা বলবে—এমনটা প্রত্যাশা রইল। নতুন পত্রিকার সব আয়োজন সহজ ও সুন্দরভাবে সম্পাদিত হওয়ার জন্য দোয়া রইল।
মঙ্গলজনক, কল্যাণকর ও শিক্ষণীয় হোক সব আয়োজন
—ড. মুহাম্মদ আব্দুর রশীদ
উপাচার্য, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়
দৈনিক খবরের কাগজ নামে নতুন একটি পত্রিকা প্রকাশিত হওয়ায় আমি সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব পত্রিকাটি দেশ ও জাতির মুখপাত্র হিসেবে কাজ করবে। নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করবে এবং ভিত্তিহীন ও চটকদার সংবাদ এড়িয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে কাজ করবে।
মিডিয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও শক্তিশালী স্তম্ভ। এই স্তম্ভের সৎ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জনগণের কল্যাণসাধনে নিজেদের নিয়োজিত রাখবেন দৈনিক খবরের কাগজের সংবাদকর্মীরা—এমনটাই প্রত্যাশা রইল। মঙ্গলজনক, কল্যাণকর এবং শিক্ষণীয় বার্তা হোক খবরের কাগজের বার্তা। পত্রিকাটির পথচলা হোক সুন্দর ও মসৃণ।
বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ হোক প্রধান চরিত্র
—সৈয়দ রেজাউল করিম
পীরসাহেব, চরমোনাই
দৈনিক খবরের কাগজ নামে একটি পত্রিকা প্রকাশ হওয়ার সংবাদটি একদিকে আনন্দের, অন্যদিকে এটা একটি গুরুদায়িত্ব। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ হোক দৈনিক খবরের কাগজের প্রধান চরিত্র। পাশাপাশি মানবিক মর্যাদা ও সাম্য সমুন্নত রাখতে, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম অটুট রাখতে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে এই পত্রিকা কর্তৃপক্ষ অবদান রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
পত্রিকাটিতে আলাদাভাবে একটি ইসলামি পাতা রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে কর্তৃপক্ষ বিবেচনায় রেখেছেন বলে তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দোয়া রইল—পত্রিকার সব আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হোক।
সুরা হুজুরাতের ৬নং আয়াতের নির্দেশনা মেনে চলুন
—কারী হাবিবুল্লাহ বেলালী
খতিব, বনানী সেন্ট্রাল মসজিদ
সংবাদপত্র প্রকাশ করা ও সাংবাদিকতার পেশাটি অতি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে পরীক্ষামূলক পেশা। সাংবাদিকতার মাধ্যমে সমাজে যেমনিভাবে দ্রুত বিশৃঙ্খলা ঘটানো সম্ভব; তেমনিভাবে দ্রুত শান্তির বিস্তার করাও সম্ভব।
সাংবাদিক ভাই-বোনদের উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের সুরা হুজুরাতের ৬নং আয়াতটি দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করতে চাই। এই আয়াতের সারমর্মকে সামনে রেখে সাংবাদিকতা করলে আমার বিশ্বাস—ইহকালীন ও পরকালীন জীবন শান্তিময় হবে। এ ছাড়া সমাজে তিলকে তাল বানানো এবং তালকে তিল বানানোর যে একটি কুপ্রচলন রয়েছে, তা থেকেও কলমকে হেফাজত রাখতে হবে।
মানবতার কথা ও অধ্যাত্মবাদের আলোচনা গুরুত্ব দিন
—শাহ্ মুহাম্মাদ আহছানুজ্জামান
পীরসাহেব, মশুরীখোলা দরবার শরিফ
দৈনিক খবরের কাগজ নামে নতুন একটি পত্রিকা প্রকাশিত হওয়ার সংবাদটি আনন্দের। সার্বিকভাবে আমি এই পত্রিকাটির সফলতা এবং এর সঙ্গে জড়িত সব সাংবাদিক ভাই-বোনের সুস্বাস্থ্য কামনা করছি। ইসলাম নামে পত্রিকাটি আলাদা একটি আয়োজন রেখেছে জেনে খুশি হয়েছি। সত্য ও বাস্তবসম্মত খবর প্রকাশ করা, ইতিহাস-ঐতিহ্যগত আলোচনা রাখা, মানবতার কথা, অধ্যাত্মবাদের আলোচনাসহ ভালো ও কল্যাণকর বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান রইল। পত্রিকাটির পাতায় পাতায় এমন সব বিষয়কে তুলে ধরার আহ্বান রইল, যার দ্বারা মানুষ উপকৃত হবে, মানুষের চরিত্র সংশোধন হবে এবং নীতি-নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত হবে। দৈনিক খবরের কাগজের পথচলা শুভ হোক।
লেখক : বিভাগীয় সম্পাদক, ইসলাম, দৈনিক খবরের কাগজ