রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত
মসজিদে নববিতে বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করলে রওজা মোবারক। এ সময় মসজিদে প্রবেশের দোয়া পড়ুন। দুই রাকাত মসজিদে প্রবেশের নামাজ পড়ুন। কাউকে কষ্ট না দিয়ে রওজা মোবারকের দিকে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে ধীরে ধীরে অগ্রসর হন এবং বেশি বেশি দরুদ পড়ুন। রওজা মোবারকের মধ্যে সর্বপ্রথম বড় ছিদ্রটি রাসুলুল্লাহ (সা.)-এর কবরকে বোঝায়। পরের ছিদ্র দুটি যথাক্রমে আবু বকর ও উমর (রা.)-এর কবরকে নির্দেশ করে। রওজা শরিফের সামনে দাঁড়িয়ে বিনয় ও আদবের সঙ্গে দরুদ ও সালাম পেশ করুন। এরপর সামান্য ডানে সরে এসে দ্বিতীয় ছিদ্রের সামনে দাঁড়িয়ে আবু বকর (রা.)-কে সালাম জানান। তারপর ডান দিকে দুই ফুটের মতো এগিয়ে তৃতীয় ছিদ্রের সামনে দাঁড়িয়ে উমর (রা.)-কে সালাম জানান।
রওজা শরিফের আদব
রাসুলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় বেষ্টনীর ভেতরে দেখার চেষ্টা বা উঁকি দেওয়া অনুচিত। ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকুন। উচ্চৈঃস্বরে কথা বলা এবং শোরগোল করা নিষেধ।
মসজিদে নববির পবিত্র স্থান
রওজা মোবারক, রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাকি, বাবুস সালাম, বাবে জিবরাইল, মিম্বরে নববি, সবুজ গম্বুজ ও আসহাবে সুফফা।
দোয়া কবুলের স্থান
রিয়াজুল জান্নাহ, উস্তুওয়ানা হান্নানা, উস্তুওয়ানা সারির, উস্তুওয়ানা উফুদ, উস্তুওয়ানা আয়েশা, উস্তুওয়ানা আবু লুবাবা, উস্তুওয়ানা জিবরাইল, মিহরাবে নববি ও জান্নাতুল বাকি।
নুসুক অ্যাপে রিয়াজুল জান্নাহ রেজিস্ট্রেশন
হজ বা উমরার সফরে প্রায় সবাই রিয়াজুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়তে চান। তাদের অবশ্যই নুসুক অ্যাপে রেজিস্ট্রেশন করে সময় নিতে হবে। মুয়াল্লিমকে তাগাদা দিয়ে সময় বুকিং করে নিন। রেজিস্ট্রেশন ছাড়া সেখানে প্রবেশ করতে পারবেন না। সময়মতো লাইন ধরে ভেতরে প্রবেশ করুন। দুই-চার রাকাত নফল নামাজ পড়ে দোয়া করুন। নুসুক অ্যাপটি অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইসে সহজলভ্য।
লেখক: শিক্ষার্থী, মদিনা বিশ্ববিদ্যালয়