মুসলিমদের অনেককেই বিভিন্ন রঙের পাগড়ি পরতে দেখা যায়। তাদের প্রায় সবাইকে তাদের পাগড়ির রঙের পক্ষে রাসুলুল্লাহ (সা.)-এর উদাহরণ টানতে শোনা যায়। সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যান, মূলত কোন রঙের পাগড়ি রাসুলুল্লাহ (সা.) পরতেন।
রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন রঙের পাগড়ি পরিধান করেছেন। কালো, সাদা, হালকা হলুদ থেকে শুরু করে হালকা লাল রঙের পাগড়ি পরেছেন তিনি।
কালো পাগড়ি: জাবের (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছেন।’ (মুসলিম, হাদিস: ১৩৫৮)
আরেকটি হাদিসে আছে, আমর ইবনে হুরাইস (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় লোকজনের সামনে ভাষণ দিতে দেখেছি।’ (মুসলিম, হাদিস: ১৩৫৯)
সাদা পাগড়ি: রাসুলুল্লাহ (সা.)-এর প্রিয় রঙ ছিল সাদা। আব্দুর রহমান ইবনে আউফ (রা.) একবার কালো রঙের উঁচু-নিচু (অমসৃণ) পাগড়ি পরিধান করেছেন। (এটা দেখে) রাসুলুল্লাহ (সা.) তাকে কাছে ডাকেন। তারপর সেই পাগড়ি খুলে নিলেন এবং সাদা রঙের একটি পাগড়ি পরিয়ে দিলেন। পাগড়িটি তিনি প্রায় চার আঙুলের সমপরিমাণ মাথার পেছনের দিকে ছেড়ে দিলেন। অতঃপর রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হে ইবনে আউফ! এভাবেই (সাদা রঙের) পাগড়ি পরিধান করবে। কেননা এটাই উত্তম ও সুন্দর।’ (মুসতাদরাকে হাকেম, হাদিস, খণ্ড: ৪, হাদিস: ৫৮২)
হালকা হলুদ রঙের পাগড়ি: জায়েদ ইবনে আসলাম (রহ.) থেকে বর্ণিত, হজরত ইবনে উমর (রা.) তার দাড়ি হলুদ রঙে রঙিন করতেন। এমনকি তার কাপড়ও হলুদ রঙের হতো। তাকে জিজ্ঞেস করা হলো, ‘আপনি নিজেকে হলুদ রঙে রঙিন করেন কেন? তিনি জবাব দিলেন, ‘‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে দেখেছি, তিনি হলুদ রঙের কাপড় ব্যবহার করতেন। এই রঙ তাঁর অনেক পছন্দের ছিল। কখনো কখনো তিনি (হলুদ রঙের মিল রেখে) জামা-পাগড়ি (দেহের সব কাপড়) পরিধান করতেন।’’ (আবু দাউদ, হাদিস : ৪০৬৪)
আবু হুরায়রা (রা.) বলেন, ‘(একবার) রাসুলুল্লাহ (সা.) আমাদের সামনে আসেন। তাঁর দেহ মোবারকে হলুদ জামা, হলুদ চাদর ও হলুদ পাগড়ি ছিল।’ (তারিখে দামেশক, খণ্ড: ৩৪, পৃষ্ঠা: ৩৮৫)
হালকা লাল রঙের পাগড়ি: রাসুলুল্লাহ (সা.) হালকা লাল রঙের পাগড়ি পরতেন। আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে অজু করতে দেখেছি। তার মাথার ‘কিতরি’ একটি পাগড়ি ছিল। তিনি পাগড়ির নিচে হাত প্রবেশ করান। অতঃপর মাথার সামনের অংশ মাসেহ করে নেন। কিন্তু তিনি পাগড়ি খোলেননি।’ (আবু দাউদ, হাদিস : ১৪৭)
যে চাদরের মধ্যে হালকা লাল রঙ আছে, তাকে কিতরি বলা হয়। রাসুলুল্লাহ (সা.) যখন পাগড়ি পরতেন, তখন এর প্রান্ত দুই কাঁধের মাঝখানে ঝুলিয়ে দিতেন। নাফে (রহ.) বলেন, ‘ইবনে উমর (রহ.) এমনটা করতেন।’ (তিরমিজি, হাদিস: ১৭৩৬)
মুবারকপুরি (রহ.) বলেন, ‘হাদিস থেকে বোঝা যায়, দুই কাঁধের মাঝখানে পাগড়ির প্রান্ত ঝুলিয়ে দেওয়া মুস্তাহাব।’ (তুহফাতুল আহওয়াজি, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৩৩৬)
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘দুই কাঁধের মাঝখানে পাগড়ির প্রান্ত ঝোলানো সুন্নতে প্রসিদ্ধ, তবে প্রান্ত অধিক লম্বা করে ঝোলানো নিষিদ্ধ।’ (আল-আদাবুশ শরইয়্যাহ, ইবনে মুফলিহ, খণ্ড: ৩, পৃষ্ঠা: ৫২৯)
অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পাগড়ি পরিধান করা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত। কেউ সুন্নত আদায়ের উদ্দেশ্যে পাগড়ি পরিধান করলে সে সওয়াব পাবে। (শামায়েলে তিরমিজি, ইমাম তিরমিজি, ব্যাখ্যা: মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জিদ, খণ্ড: ১, পৃষ্ঠা: ১৭৩)
লেখক: আলেম ও সাংবাদিক