গল্প, কবিতা ও ছড়া লেখেন মাওলানা মুনীরুল ইসলাম। তবে আকাবির ও ইতিহাসের গল্প বেশ চমৎকার ও সুখপাঠ্য করেই লেখেন তিনি। ‘জীবন গড়ো সিরিজ’ ও ‘খোশবু সিরিজ’ নামে লিখেছেন ছোটদের জন্য উৎকৃষ্ট কিছু বই। ইসলামি সংগীত রচনায়ও রয়েছে দখল। এবার ৪০ জন নবি-রাসুলের জীবনী নিয়ে লিখেছেন ২০টি বইয়ের এক অনন্য সিরিজ। এ বই লিখে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মুনীর। প্রশংসা পেয়েছেন পাঠক ও বোদ্ধামহলের।
মুনীরের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার খামার গ্রামে, জন্ম ১৯৮০ সালে। ২০০১ সালে কুমিল্লার জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম থেকে দাওরায়ে হাদিস এবং ২০০৪ সালে কুমিল্লার সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসা থেকে কামিল (মাস্টার্স) শেষ করেন।
নব্বই দশকের শুরুর দিকে মুনীরের লেখালেখি শুরু। প্রথম লেখা ছাপা হয় মাসিক জাগো মুজাহিদে, ১৯৯৫ সালের জানুয়ারি সংখ্যায়। এক যুগেরও বেশি সময় মাসিক আদর্শ নারীর সহকারী সম্পাদক ছিলেন। তার লেখা বইয়ের সংখ্যা ৭৩টি। লেখালেখিতে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু সম্মাননা। লেখালেখি, সম্পাদনা এবং শিক্ষকতার পাশাপাশি বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন লেখকপত্রের নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি হিসেবে।
পবিত্র কোরআনে ২৫ জনের মতো নবি-রাসুলের নাম এসেছে। ইসলাম নিয়ে যারা মোটামুটি জানেন, তারা নবি-রাসুল সম্পর্কে কতটুকু ধারণা রাখেন। আর সাধারণ শিক্ষিত পাঠকরা তো আরও কম জানেন। এই কম জানার কারণ হলো, এ সম্পর্কে জানার তেমন কোনো বই-পুস্তক বাজারে নেই। আর ছোটদের উপযোগী বই আরও কম। নবি-রাসুলদের সম্পর্কে সন্তানদের বিশুদ্ধ ও নির্ভরযোগ্য জীবনকাহিনি জানাতে সংগ্রহ করুন ছোটদের নবি-রাসুল সিরিজ (২০টি বই)। মুনীর বলেন, ‘এই কাজটি করতে আমার দুই বছরের বেশি সময় লেগেছে। এই সিরিজটিতে গল্পাকারে একটু বিস্তারিত আলোচনা তুলে আনার চেষ্টা করেছি। এটি প্রকাশিত হওয়ার পর প্রিয় পাঠক, বন্ধুমহল এবং মুরব্বি আলেম লেখকরা আমাকে ভিন্নভাবে মূল্যায়ন করছেন, আলহামদুলিল্লাহ। কাজটি করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং এটি প্রকাশ করার জন্য আনোয়ার লাইব্রেরির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবি আদম (আ.)। শেষ নবি ছিলেন মুহাম্মাদ (সা.)। তাঁদের মাঝখানে এসেছেন আরও অনেক নবি-রাসুল। তাদের কতজন সম্পর্কে আপনার সন্তান জানে। সন্তানদের নবি-রাসুল সম্পর্কে জানাতে পিতা-মাতার পক্ষ থেকে সেরা উপহার হবে ছোটদের নবি-রাসুল সিরিজ।
২০ বইয়ের সিরিজটিতে ১২টি বইয়ে একজন করে ১২ জন, ৬টি বইয়ে দুইজন করে ১২ জন এবং ‘এক মলাটে কয়েকজন নবি-১ ও ২’ নামের ২টি বইয়ে বাকি নবিদের সংক্ষিপ্ত জীবনকাহিনির বিবরণ রয়েছে। পূর্বযুগের নবি-রাসুলদের জীবনকাহিনি সম্পর্কে প্রচুর ইসরাইলি বর্ণনা রয়েছে। সিরিজটিতে যথাসম্ভব সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ছোটদের নসিহত হাসিলের জন্য কয়েকটি শিক্ষণীয় বর্ণনা তুলে ধরা হয়েছে। সিরিজটি প্রকাশ করেছে রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান আনোয়ার লাইব্রেরি। বাংলাবাজার ইসলামি টাওয়ারে অবস্থিত আনোয়ার লাইব্রেরির আউটলেট থেকে সরাসরি এবং অনলাইন বুকশপে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন।
লেখক : আলেম ও সাংবাদিক