নামাজ দ্বীনের খুঁটি। তাঁবুর জন্য যেমন খুঁটি প্রয়োজন, ইসলামের জন্য তেমন নামাজ প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এক. আল্লাহকে এক বলে বিশ্বাস করা। দুই. নামাজ কায়েম করা। তিন. জাকাত আদায় করা। চার. রমজানের রোজা পালন করা। পাঁচ. হজ করা।’ (বুখারি, হাদিস: ৮)
আল্লাহ বলেন, ‘আমার বান্দাদের বলো, যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে গোপন ও প্রকাশ্য ব্যয় করে, ওই দিন আসার আগে; যে দিন কোনো বেচাকেনা থাকবে না এবং থাকবে না বন্ধুত্বও।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৩১)
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রাপ্তবয়স্ক মুমিন-মুসলমানের ওপর ফরজ। নামাজ ত্যাগের কোনো সুযোগ নেই ইসলামে। তবে সফর অবস্থায় নামাজের রাকাত কমিয়ে দেওয়া হয়েছে। সফরে শরিয়ত নির্ধারিত সীমানা অতিক্রম করলে চার রাকাত ফরজ নামাজের স্থানে দুই রাকাত পড়তে হয়।
সফর অবস্থায় চার রাকাত নামাজ ছুটে গেলে মুকিম (বাড়িতে অবস্থানকালে) অবস্থায় দুই রাকাতই পড়তে হবে; চার রাকাত নয়। কারণ সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ কাজা হয়ে গেলে মুকিম অবস্থায় তা আদায় করলেও দুই রাকাতই আদায় করতে হয়।
সুফিয়ান সাওরি (রহ.) বলেন, ‘যে ব্যক্তি মুকিম অবস্থায় নামাজ আদায় করতে ভুলে গেছে, অতপর সফর অবস্থায় স্মরণ হলে এই নামাজ চার রাকাতই আদায় করবে। আর যে সফর অবস্থায় নামাজ আদায় করতে ভুলে গেছে, মুকিম অবস্থায় হলে সে দুই রাকাতই আদায় করবে।’ (মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বর্ণনা: ৪৩৮৮; ফাতাওয়া তাতারখানিয়া, খণ্ড: ২, পৃষ্ঠা: ৫২৩)
লেখক: আলেম ও সাংবাদিক