আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের সুরা ফুরকানের ২১ থেকে সুরা শুআরা ও সুরা নামলের ১ থেকে ৫৯ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হবে। পারা হিসেবে ১৯তম পারা পড়া হবে। এই অংশে পূর্ববর্তী নবি ও তাদের জাতি, আল্লাহর একত্ববাদ, আল্লাহর কুদরত, আল্লাহর বিশেষ বান্দাদের গুণ, অপচয়, সোলায়মান (আ.) ও পিঁপড়ার ঘটনা, হুদহুদ পাখির সংবাদ সংগ্রহ, সাবার রানি বিলকিসের আত্মসমর্পণ, মুমিনদের পুরস্কারসহ নানা বিষয় আলোচিত হয়েছে।
অবিশ্বাসীদের ভয়ানক অবস্থা হবে যেদিন
সুরা ফুরকানের ২১ থেকে ৩৪ নম্বর আয়াতে অবিশ্বাসীদের কিছু আপত্তি ও অনর্থক দাবির জবাব দেওয়া হয়েছে। তারা বলে, ‘আমাদের কাছে ফেরেশতা আসে না কেন কিংবা কেন আমরা আল্লাহকে দেখি না?’ জবাবে বলা হয়েছে, মুশরিকরা মৃত্যুর সময় ফেরেশতাদের দেখতে পাবে। কিয়ামতের দিনটা হবে জালিমদের জন্য ভয়ানক। সেদিন তাদের আফসোস ছাড়া কিছুই করার থাকবে না।
আল্লাহর প্রিয় বান্দাদের ১৪ গুণ
সুরা ফুরকানের ৬৩ থেকে ৭৭ নম্বর আয়াতে আল্লাহর বান্দাদের বিশেষ কিছু গুণের কথা বলা হয়েছে। গুণগুলো হলো—
১. তারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে
২. মূর্খদের ক্ষমা করে
৩. রাত জেগে ইবাদত করে
৪. জাহান্নামের আজাবের ভয় করে
৫. তারা মিতব্যয়ী
৬. আল্লাহর ইবাদত করে
৭. অন্যায়ভাবে কাউকে হত্যা করে না
৮. ব্যভিচার করে না
৯. পাপ করলে তওবা করে
১০. মিথ্যা সাক্ষ্য দেয় না
১১. বেহুদা আমোদ-প্রমোদ এড়িয়ে চলে
১২. আল্লাহর কালাম যথাযথ শোনে
১৩. উত্তম স্ত্রী ও সন্তান লাভে আল্লাহর কাছে প্রার্থনা করে
১৪. সঠিক পথের দিশা ও অন্যদের সঠিক পথ দেখানোর তৌফিক কামনা করে।
বিভিন্ন জাতি ধ্বংসের বয়ান আছে সুরা শুআরায়
কোরআনের ২৬তম সুরা শুআরা মক্কায় অবতীর্ণ। এই সুরার আয়াত সংখ্যা ২২৭। শুআরা বহুবচন, একবচন শায়ির। অর্থ কবি। সুরার শেষের দিকে কবিদের অবস্থা বর্ণনা করা হয়েছে, তাই সুরার নাম রাখা হয়েছে শুআরা। (হিদায়াতুল কোরআন, খণ্ড: ৬, পৃষ্ঠা: ১৫৯)
নবিজির মন খারাপে আল্লাহর সান্ত্বনা
কাফেররা ঈমান না আনার কারণে নবিজির মন খারাপ হতো। সুরার শুরুতে আল্লাহতাআলা তাঁকে এ বিষয়ে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ চাইলে পৃথিবীর সবাই ঈমানদার হয়ে যেতে বাধ্য। কিন্তু তিনি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করেন না। মানুষের কাছে উপদেশ ও নিদর্শন পাঠিয়ে গ্রহণ-অগ্রহণের সুযোগ দেন।
বিভিন্ন জাতির কাহিনি
এই সুরার ১০ থেকে ১৯১ নম্বর আয়াত পর্যন্ত মুসা-হারুন (আ.) ও ফেরাউনের ঘটনার বিস্তারিত বিবরণ, ইবরাহিম (আ.) ও তার পিতার কাহিনি, নুহ (আ.)-এর জাতি ধ্বংসের কারণ, হুদ (আ.) ও আদ জাতির বর্ণনা, সালেহ (আ.) ও সামুদ জাতির ঘটনা, লুত (আ.)-এর জাতি ধ্বংসের কারণ, শোয়াইব (আ.) ও মাদায়েনবাসীর আলোচনা রয়েছে।
পিঁপড়ার গল্প আছে সুরা নামলে
কোরআনের ২৭তম সুরা নামল মক্কায় অবতীর্ণ। এই সুরার আয়াতের সংখ্যা ৯৩। নামল অর্থ পিঁপড়া। এ সুরায় পিঁপড়ার কথোপকথন থাকায় এটিকে সুরা নামল বলা হয়।
স্বজাতি রক্ষায় পিঁপড়ার ভূমিকা
আল্লাহতায়ালা বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করেছিলেন সোলায়মান (আ.)-কে। তিনি বাদশাহ ছিলেন। ছিলেন অঢেল ধনসম্পদের অধিকারী। রাজ্য নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে তিনি জিন ও পাখিসহ অন্য প্রাণীদের কাজে লাগাতেন। তিনি মানুষের ভাষাসহ অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহ বলেন, ‘যখন সোলায়মান ও তার বাহিনী পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল, তখন এক নারী পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, গর্তে প্রবেশ করো। এমন যেন না হয়, সোলায়মান এবং তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে, তোমরা তা টেরও পাবে না। সোলায়মান (আ.) পিঁপড়ার কথায় মৃদু হাসলেন।’ (সুরা নামল, আয়াত: ১৮-১৯)
সুরা নামলের উল্লিখিত আয়াত থেকে পিঁপড়ার জীবনযাত্রা সম্পর্কে চারটি ধারণা পাওয়া যায়।
১. পিঁপড়া কথা বলতে পারে। যেমন আয়াতে বর্ণিত পিঁপড়াটি অন্যদের সঙ্গে করেছে।
২. পিঁপড়া নারীশাসিত পতঙ্গ। তাদের একজন রানি থাকে। পুরুষ পিঁপড়া ঘরে, নারী পিঁপড়া বাইরে থাকে। যখন সোলায়মান (আ.) এবং তাঁর বাহিনী এসে পড়ে, রানি সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশের নির্দেশ দেয়।
৩. পিঁপড়া আলাদা করে মানুষ চিনতে পারে। যেমন সোলায়মান (আ.)-কে চিনেছিল।
৪. পিঁপড়া বিপৎসংকেত বুঝতে পারে। পিঁপড়া সোলায়মানের আগমন এবং বিপৎসংকেত বুঝতে পেরে সবাইকে সতর্ক করেছিল।
সাবার রানি বিলকিসের ইসলাম গ্রহণ
সোলায়মান (আ.)-এর রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হতো হুদহুদ পাখি। পার্শ্ববর্তী দেশগুলোতে কী হচ্ছে, কী চিন্তা-ভাবনা চলছে, কোথায় কী ঘটছে, কোন রাজা কোথায় সৈন্য পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য তিনি এই পাখি ব্যবহার করতেন। নবী একবার পাখিকে খুঁজে পাচ্ছেন না। কোরআনে ঘটনার বর্ণনা এসেছে এভাবে, ‘একদিন সোলায়মান (আ.) পাখিদের খোঁজখবর নিলেন। এরপর বললেন, কী হলো, হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত? আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, যদি না সে অনুপস্থিত থাকার যথাযথ কারণ দেখায়। কিছুক্ষণ পর হুদহুদ এসে বলল, আপনি অবগত নন এমন একটি বিষয়ে আমি অবগত হয়েছি। আমি সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীর ওপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলি সুশোভিত করে দিয়েছে। এরপর তাদের সৎপথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎপথ পায় না।’ (সুরা নামল, আয়াত : ২০-২৪)
সোলায়মান (আ.) রানি বিলকিসের কাছে বার্তা পাঠালেন। সব ভেবেচিন্তে তিনি নবির দরবারে এলেন। স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ দেখে রানি যারপরনাই বিস্মিত হলেন। এদিকে আবার নিজের সিংহাসন সোলায়মানের কাছে দেখে বিস্ময়ে অবাক হলেন। পরে সোলায়মান (আ.)-এর ধর্মে দীক্ষিত হন।
এ ছাড়া তারাবির আজকের কোরআনের নেয়ামত, অবিশ্বাসীদের প্রশ্নের জবাব, আল্লাহর নেয়ামত, অহংকার, ব্যবসায় সঠিক ওজন দেওয়া, মানুষের হক নষ্টের পরিণাম, বিভিন্ন জাতির ধ্বংসের বিবরণ, মুমিন জীবনে পরীক্ষা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে।
লেখক: আলেম ও সাংবাদিক