পবিত্র কাবা শরিফ মুসলমানদের একটি আবেগের নাম। হজ বা ওমরাহ পালন করতে গিয়ে কাবার দরজা স্পর্শ করে অঝোরে কান্নার দৃশ্য প্রায়শই চোখে পড়ে। এই কাবার দিকে ফিরে মুসলমানরা নামাজ আদায় করেন। কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন দোয়া খচিত রয়েছে। ক্যালিগ্রাফিখচিত হওয়ায় সাধারণ মুসলমানরা এই লেখাগুলো বুঝতে পারেন না। অনেকের জানার আগ্রহ রয়ে যায়, কী লেখা রয়েছে পবিত্র কাবার দরজায়। পাঠকের সেই জানার পিপাসা মেটাতে লেখাগুলোর পরিচিতি তুলে ধরা হলো।
১. সুরা আলে ইমরানের ১৩৩ নং আয়াত
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে, যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান। আর যা আল্লাহভীরুদের জন্য তৈরি করা হয়েছে।
২. সুরা বাকারার ১৪৪ নং আয়াত
নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি। অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব; যাকে আপনি পছন্দ করেন।
৩. সুরা ফাতেহা
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সেসব লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
৪. সুরা নুরের ৩৫ নং আয়াত
আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি।
৫. সুরা ফাতহের ২৭ নং আয়াত
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। আল্লাহ তাঁর রাসুলকে প্রকৃত সত্য স্বপ্নই দেখিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে।
৬. আয়াতুল কুরসি
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসক নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে, সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
৭. সুরা ইখলাস
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। বলো, তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাঁকেও জন্ম দেওয়া হয়নি। তাঁর সমকক্ষ কেউ নেই।
৮. সুরা ফাতহের ২৯ নং আয়াতাংশ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। মুহাম্মাদ আল্লাহর রাসুল। আর যেসব লোক তাঁর সঙ্গে আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং পরস্পরের প্রতি দয়াশীল। তাদেরকে তুমি দেখবে রুকু ও সেজদায় অবনত অবস্থায়।
৯. আল্লাহ ছাড়া অন্য কেউ উপাসকের উপযুক্ত নয়। তিনি সত্য প্রতিপালক, প্রকাশ্য সত্য। মুহাম্মাদ আল্লাহর প্রেরিত রাসুল, তিনি সত্যবাদী ও বিশ্বস্ত।
১০. সুরা কুরাইশ
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহতায়ালার নামে (শুরু করছি)। কুরাইশের আসক্তির কারণে, আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার; যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
১১. উপরে, মধ্যখানে ও নিচে থাকা গোলাকৃতির ছয়টি বক্সে ‘রাব্বি আল্লাহ’লেখা আছে। বাংলা অর্থ : একমাত্র আল্লাহ আমাদের প্রভু। পালনকর্তা।
১২. চার স্থানে ‘হাসবি আল্লাহ’লেখা আছে। বাংলা অর্থ: একমাত্র আল্লাহ-ই যথেষ্ট।
১৩. মক্কা মুকাররমায় প্রস্তুতকৃত গিলাফটি কাবা শরিফের জন্য উপহারস্বরূপ প্রদান করেছেন খাদিমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সাউদ।
লেখক : সহ-সম্পাদক, খবরের কাগজ