তাশাহুদ অর্থ সাক্ষ্য দেওয়া। আততাহিয়াতু নামেই এটি পরিচিত। নামাজে এই বিশেষ দোয়াটির মাধ্যমে একজন বান্দা তার প্রভুর কাছে সমর্পিত হয়ে পরম শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন। এই দোয়ার মাধ্যমে নামাজি আল্লাহর প্রশংসা করেন। রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করেন। মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করেন।
তাশাহুদের ইতিহাস
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, সাহাবিরা প্রথম দিকে নামাজে জিবরাইল (আ.) ও মিকাইল (আ.)-সহ বিভিন্ন ব্যক্তির নামে সালাম পেশ করতেন। তখন রাসুলুল্লাহ (সা.) তাদের শিক্ষা দিয়ে বললেন, ‘আল্লাহতায়ালা নিজেই তো সালাম। তাই যখন তোমরা কেউ নামাজ আদায় করবে, তখন সে যেন তাশাহুদ পাঠ করে। কেননা, যখন তোমরা এই দোয়া পড়বে, তখন তা আসমান ও জমিনে অবস্থানকারী আল্লাহর সব নেক বান্দার কাছে পৌঁছে যাবে।’ (বুখারি, হাদিস: ৪০২; মুসলিম, হাদিস: ৬২৬৫)
নামাজে কখন তাশাহুদ পড়তে হয়
প্রতি দুই রাকাত শেষে বৈঠকে বসে আততাহিয়াতু পাঠ করা ওয়াজিব বা আবশ্যক। এই মহামূল্যবান দোয়াটি পাঠকালে প্রতিটি শব্দ ও বাক্যের গভীর অর্থ হৃদয়ে ধারণ করার চেষ্টা করা উচিত। সামুরা ইবনে জুনদুব (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাদের নির্দেশনা দিয়েছেন, ‘যখন তোমরা দুই রাকাতের পর বসবে, তখন ‘আততাহিয়াতু’ পাঠ করো। এরপর তোমাদের যার যে দোয়া পছন্দ, তা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো।’ (নাসায়ি, হাদিস: ১১১৪)
আরও পড়ুন: হাদিস কাকে বলে?
তাশাহুদ শিখিয়েছেন নবিজি (সা.)
নবিজি (সা.) কতটা যত্ন নিয়ে তাশাহুদ শিক্ষা দিয়েছেন, তা আমরা জানতে পারি আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বর্ণনা থেকে। তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমার হাত তাঁর দুই হাতের মাঝে রেখে আমাকে তাশাহুদ শিখিয়েছেন, ঠিক যেভাবে তিনি কোরআনের সুরা শেখাতেন।’ (বুখারি, হাদিস: ৫৯১০)
তাশাহুদ শুধু একটি দোয়া নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার একটি অনন্য সংলাপ। এর মধ্য দিয়ে আমরা সাক্ষ্য দিই- সকল সম্মান, ইবাদত ও পবিত্রতা একমাত্র আল্লাহর জন্য। আমরা স্বীকার করি যে, মুহাম্মাদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল। আর এই স্বীকৃতির মধ্য দিয়েই আমরা সমগ্র মুসলিম উম্মাহর সঙ্গে একাত্মতা ঘোষণা করি।
তাশাহুদ
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
তাশাহুদের বাংলা উচ্চারণ
আততা হিইয়াতু লিল্লাহি, ওয়াস সালা ওয়াতু, ওয়াত তাইয়িবাতু, আস সালামু আলাইকা, আই ইউহান নাবিইয়ু, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
তাশাহুদের বাংলা অর্থ
শ্রদ্ধা আল্লাহর জন্য, পবিত্রতা আল্লাহর জন্য, ভালো কাজ ও নামাজ (সব কিছু) আল্লাহর জন্য। হে নবি, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ (সা.) আল্লাহর বান্দা ও রাসুল।
লেখক: খতিব, বাগবাড়ি জামে মসজিদ, গাবতলী