রাসুলুল্লাহ (সা.)-কে যারা সবচেয়ে বেশি জানতেন, মানতেন এবং নিজেদের জীবন তাঁর কাছে পরিপূর্ণভাবে নিবেদিত করেছিলেন, তারা সাহাবি (রা.)। তারা আল্লাহর প্রতি খুশি ছিলেন, আল্লাহও তাদের প্রতি খুশি হয়েছেন। পুরো পৃথিবীকে আদর্শ শেখানোর জন্য যে রাসুলুল্লাহ (সা.)-কে আল্লাহতায়ালা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, সাহাবিরা ছিলেন তাঁর সরাসরি ছাত্র। ইসলাম ও রাসুলুল্লাহ (সা.)-কে ধারণ করা ও মানতে হলে সাহাবিদের জীবনী জানার বিকল্প নেই। ইমাম শাফি (রহ.) বলেন, ‘সাহাবিদের জীবনী অধ্যয়ন করা মানে হলো ইসলামের প্রথম যুগের আদর্শ জীবনকে জানা। তাদের জীবন জানলে কোরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করার পদ্ধতি জানা যায়।’
জান্নাতে যেতে চান না, এমন মুমিন-মুসলমান খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। জান্নাতে যেতে পারলে জীবন পাবে প্রকৃত সফলতা। সে জন্য জানতে হবে যারা জান্নাতে গিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহতায়ালা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা কেমন ছিলেন। তাদের জীবনযাপন কেমন ছিল। তারা কীভাবে যাবতীয় জঞ্জাল মোকাবিলা করেছেন। কীভাবে আমল করেছেন। করেছেন আল্লাহকে খুশি। কেউ যদি একই সঙ্গে দুনিয়া ও আখেরাতে সফলতা এবং কল্যাণ লাভ করতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তা হলে সাহাবিদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। তাদের জীবনী জানতে হবে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনী জানার অনন্য বই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনকথা।
নারীরা যদি দুনিয়ায় সুখী এবং আখেরাতে সফল হতে চায়, তবে তাদের উচিত এমন মহীয়সী নারীদের অনুসরণ করা, যারা যাপন করেছেন প্রশান্ত জীবন এবং দুনিয়াতে পেয়েছেন জান্নাতের সুসংবাদ। এ বইয়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনের গল্পগুলো তুলে ধরা হয়েছে সহজ-সরল; তবে হৃদয়ছোঁয়া বর্ণনায়। এখান থেকে নারীরা জানতে পারবেন তাদের জীবন কেমন হওয়া উচিত। পুরুষরা জানতে পারবেন, নারীদের প্রতি তাদের আচরণ কেমন হওয়া উচিত। জানতে পারবেন, তারা কোন ধরনের জীবনযাপন করে, কেমন আমল-ইবাদত করে জান্নাতের সুসংবাদ পেয়েছেন।
আরও পড়ুন: জগদ্বিখ্যাত ও পাঠকপ্রিয় সিরাতগ্রন্থ 'নবিয়ে রহমত'
বইটির শুরুতে রয়েছে নারী সাহাবিদের অনুপম কীর্তির কথা। পরে রাসুলুল্লাহ (সা.)-এর এগারোজন স্ত্রীর জীবনী তুলে ধরা হয়েছে। এ ছাড়াও নবিকন্যা ফাতেমা (রা.)-এর জীবনীসহ ১৬ জন নারী সাহাবিদের জীবনের নানা দিকের আলোচনা রয়েছে। এরা সবাই ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবি।
বইটি সিরাতগবেষক শাইখ মাহমুদ আহমাদ গজনফরের লেখা সাহাবিয়াতে মুবাশশারাতের সরল অনুবাদ। এ বইয়ে লেখক জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনী একত্র করেছেন। অনুবাদ করেছেন ওমর ইবনে আব্দুর রউফ। সাবলীল এবং সুখপাঠ্য করে অনুবাদ করা হয়েছে।
বইটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। ২৩২ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৩৫০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি সমকালীন প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারী সাহাবিদের জীবনকথা
লেখক: শাইখ মাহমুদ আহমাদ গজনফর
অনুবাদক: ওমর ইবনে আব্দুর রউফ
প্রকাশক: সমকালীন প্রকাশন
পৃষ্ঠা সংখ্যা: ২৩২
মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা
মোবাইল: ০১৪০৯-৮০০৯০০
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক