শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে পরিবেশের ভূমিকা অপরিসীম। জন্মের পর থেকে শিশুর চারপাশের পরিবেশই তার বেড়ে ওঠার অন্যতম নিয়ামক। সুস্থ ও স্বাভাবিকভাবে বড় হওয়ার জন্য শিশুকে এমন একটি পরিবেশ দিতে হবে, যা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য সহায়ক। কিন্তু বর্তমান সময়ে শহুরে ব্যস্ততা, প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা এবং খেলার জায়গার অভাব শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করছে।
স্বাস্থ্যকর পারিবারিক পরিবেশ: শিশুর বিকাশের প্রথম ও প্রধান কেন্দ্র হলো পরিবার। একটি ভালো পারিবারিক পরিবেশ শিশুর আবেগিক ও সামাজিক দক্ষতা গড়ে তোলে। বাবা-মায়ের আদর, স্নেহ ও যত্ন শিশুকে নিরাপত্তাবোধ দেয়। পারিবারিক কলহ, দুশ্চিন্তা বা নেতিবাচক আচরণ শিশুর মনে বিরূপ প্রভাব ফেলে, যা তার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে।
নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ: পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ শিশুর শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। দূষিত বায়ু, অপরিষ্কার পানি বা নোংরা আশপাশ শিশুর নানা রোগ-ব্যাধির কারণ হতে পারে। শিশু যেন বিশুদ্ধ পানি, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন আশপাশ পায়, সে বিষয়ে বাবা-মা ও অভিভাবকদের সচেতন থাকতে হবে।
পর্যাপ্ত খেলার সুযোগ: খেলা শিশুর মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। শিশুদের জন্য মুক্ত বাতাসে খেলার জায়গা থাকা খুবই গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে, শহরাঞ্চলে খেলাধুলার উপযোগী মাঠ ও পার্কের অভাব দেখা যাচ্ছে। ফলে শিশুরা ঘরবন্দি হয়ে মোবাইল ফোন ও টিভিতে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করছে।
পাঠ্যবহির্ভূত কার্যক্রম ও সৃজনশীলতা: শুধু পড়ালেখার মধ্যে শিশুকে আটকে রাখলে তার সৃজনশীলতা বিকশিত হয় না। গান, নাচ, ছবি আঁকা, গল্প লেখা, কবিতা আবৃত্তি ইত্যাদি বিভিন্ন সৃজনশীল কাজে শিশুকে যুক্ত করা উচিত। এতে তার মস্তিষ্কের বিকাশ ঘটে, মনোযোগ ও ধৈর্যশক্তি বাড়ে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হয়।
ইতিবাচক শিক্ষার পরিবেশ: শিশুর শেখার প্রধান উপাদান হলো পর্যবেক্ষণ। তার চারপাশের মানুষ কীভাবে কথা বলে, কীভাবে আচরণ করে— এসব থেকে সে শিখতে থাকে। তাই শিশুর আশপাশের পরিবেশকে ইতিবাচক ও শিক্ষামূলক রাখতে হবে। বিদ্যালয়ে সহনশীলতা, সৌজন্যতা ও নৈতিক শিক্ষার চর্চা থাকলে শিশুর ব্যক্তিত্ব বিকশিত হবে।
শিশুর ভবিষ্যৎ নির্ধারণে পরিবেশের ভূমিকা: একটি সুন্দর ও সুস্থ পরিবেশ শিশুর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণায় দেখা গেছে, যারা ছোটবেলায় ভালো পরিবেশ পেয়েছে, তারা আত্মবিশ্বাসী, বুদ্ধিমান ও সফল ব্যক্তিত্ব হয়ে ওঠে। অপরদিকে, যেসব শিশু দারিদ্র্য, অবহেলা বা সহিংসতার মধ্যে বড় হয়, তাদের ব্যক্তিত্ব বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। তাই শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শিশুর জন্য একটি নিরাপদ, আনন্দময় ও শিক্ষামূলক পরিবেশ তৈরি করা সম্ভব। শিশুর বিকাশ নিশ্চিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত সমাজ গড়ে তোলা।
শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সুন্দর পরিবেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। পরিবার, বিদ্যালয় এবং সমাজের সমন্বিত উদ্যোগে শিশুর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা সম্ভব। শিশুর শৈশব সুন্দর হলে তার ভবিষ্যৎও উজ্জ্বল হবে, আর একটি সুস্থ ও সচেতন প্রজন্মই গড়ে তুলতে পারবে সুন্দর ভবিষ্যৎ।
লেখক: শিক্ষার্থী, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়