মানুষের জীবনের সবচেয়ে রহস্যময় এবং সংবেদনশীল উপাদান হলো তার মন। মন যখন স্বস্তিতে থাকে, জীবন তখন সবচেয়ে সুন্দর হয়। কিন্তু যখন সে মনেই দুঃখ জমে, ক্লান্তি ঘনিয়ে আসে, তখন মানুষ বাইরের আলো থাকা সত্ত্বেও ভেতরের অন্ধকারে ডুবে যায়। এই অন্ধকারকে আজকাল বলা হয় ‘মানসিক অসুস্থতা’, বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব, আত্মতুচ্ছতা—এগুলো যতটা না বাহ্যিক, তার চেয়ে অনেক বেশি অদৃশ্য এক অশান্তির নাম। অথচ আমাদের ইসলাম এই মনের চিকিৎসায় সবচেয়ে সুন্দর ও কোমল পথ দেখিয়েছে।
মানুষ তখনই সবচেয়ে বেশি ভয় পায়, যখন সে নিজেকে একা মনে করে। কিন্তু পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা বলেন, ‘যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন।’ (সুরা বাকারা, ২৫৭)। এই একটিমাত্র আয়াতেই মনকে শান্ত রাখার চাবিকাঠি লুকিয়ে আছে। আল্লাহর প্রিয় বান্দারা জানেন—তারা একা নন। তাদের দুঃখ, ভয়, নিঃসঙ্গতা—সবকিছু দেখার জন্য একজন আছেন, যিনি দয়ার সাগর, যিনি সবকিছু জানেন, সবকিছু শোনেন। এই উপলব্ধিই মানুষকে ভারসাম্য দেয়, গভীর সংকটেও টিকিয়ে রাখে। কোরআন আরও জানিয়েছে, ‘মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি (আল্লাহ) স্বীয় রহমত ছড়িয়ে দেন। আর তিনিই হলেন প্রকৃত বন্ধু (সুরা আশ-শুরা, ২৮)
রাসুলুল্লাহ (সা.)-এর জীবন থেকেও আমরা মানসিক ভারসাম্যের শিক্ষা নিতে পারি। তিনিও কেঁদেছেন, কিন্তু ভেঙে পড়েননি। অন্যের দুঃখ দেখেছেন, তাদের সহযোগিতা করেছেন। আনুমানিক ৬১৯ খ্রিষ্টাব্দে প্রিয়তম স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালিবের মৃত্যু নবিজির জীবনে এক গভীর অন্ধকার নামিয়ে আনে। সেই বছরটি ইতিহাসে আমুল হুজুন বা বেদনার বছর হিসেবে পরিচিত। নবিজি (সা.) তখনও সবর করেছেন, চোখের পানি ফেলেছেন কিন্তু ভরসা হারাননি।
একবার সাহাবি আবু উমামা (রা)-কে মসজিদে বিষণ্ণ অবস্থায় বসে থাকতে দেখে রাসুলে কারিম (সা.) তার কাছে কারণ জানতে চাইলেন। এ সময় আবু উমামা (রা) দুশ্চিন্তা ও ঋণগ্রস্ততার কথা জানালে রাসুল (সা.) তাকে আল্লাহর স্মরণ ও তার কাছে আশ্রয় প্রার্থনায় একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি এ রকম, ‘হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য হতে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।’ (আবু দাউদ, ১৫৫৫)।
এই ঘটনাগুলো শুধু ইতিহাসের গল্প নয়—আজকের বিষণ্ণ মানুষকে বার্তা দিয়ে যায়, তোমার চোখের পানি হারাম নয়, তবে আশা হারিয়ে ফেল না। মানসিক কষ্ট কোনো লজ্জার বিষয় নয়, তবে একে জয় করা গৌরবের। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই কোরআনের মাধ্যমে আমি মুমিনদের জন্য এমন জিনিস অবতীর্ণ করেছি, যা আরোগ্য ও রহমত বয়ে আনে।’ (সুরা বনি ইসরাইল, ৮২)
এই আরোগ্য শুধু শারীরিক ব্যাধির জন্য নয়—মন, আত্মা আর চিন্তাজগতের গভীর ক্ষতেরও। নিয়মিত কোরআন তিলাওয়াত, আয়াতের অর্থ অনুধাবন করা—সাইকোলজিক্যালভাবে এক গভীর সান্ত্বনার অনুভব এনে দেয়। আল্লাহর বাণী মানুষের মনকে আলোকিত করে। বর্তমান চিকিৎসাবিজ্ঞান চাপমুক্ত থাকতে ধ্যান, পজিটিভ চিন্তাভাবনা ও কাউন্সেলিংয়ের কথা বলে। কিন্তু ইসলাম বহু আগেই এগুলোর ওপর গুরুত্বারোপ করেছে এবং সে অনুযায়ী জীবনবিধানও দিয়েছে।
যেমন—
১. নামাজের মাধ্যমে দিনে পাঁচবার বান্দা আল্লাহর সাথে কথোপকথনের সুযোগ পায়। স্বীয় রবের কাছে মন উজাড় করে কান্না মানুষের হৃদয়ে প্রশান্তি আনে।
২. ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা রাখার মাধ্যমে উদ্বেগ হ্রাস পায়।
৩. জিকিরের মাধ্যমে মনোযোগ ধরে রাখার ক্ষমতা ও অন্তরের প্রশান্তি সৃষ্টি হয়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সর্বাবস্থায় আল্লাহর নাম স্মরণই হলো মানুষের অন্তরের মলিনতা দূর করার সর্বশ্রেষ্ঠ উপায়।
৪. সামাজিক সম্প্রীতির (পরিবার, প্রতিবেশী, আত্মীয়, জামাত) মাধ্যমে মানুষ ক্রমেই নিজেকে উন্নত থেকে উন্নততর চরিত্রের অধিকারী করে তুলতে পারে। আর এগুলোই মানসিক ভারসাম্যের মূল চাবিকাঠি।
মানসিক অশান্তি থেকে নিজেকে কষ্ট দেওয়া বা আত্মহত্যা করা মহাপাপ। কেননা শরীর ও মন আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের ওপর ইচ্ছাকৃতভাবে অবহেলা বা অযত্ন করা কোনো মুমিনের কাজ হতে পারে না। বরং ধৈর্যধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনাই এ সমস্যার সবচেয়ে বড় সমাধান হতে পারে। এ বিষয়ে আল্লাহতায়ালা বলেন, ‘হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন’ (সুরা বাকারা, ১৫৩)। এ কথা সব সময় মনে রাখতে হবে, যিনি কষ্টে বিচলিত হয়ে নিজের ওপর অবিচার করেন, তিনি পাপী নন, তিনি বিপর্যস্ত।
ইসলাম তাকে আল্লাহর দয়ার প্রতি আস্থা রেখে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করতে বলেছে। মানসিক স্বাস্থ্যের যত্ন ইসলামি জীবনযাপন ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম শুধুই শারীরিক আচরণ নয়, গভীর আত্মিক-প্রশান্তি ও মানসিক নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্বারোপ করেছে। যদি আমরা ইসলামকে হৃদয়ে ধারণ করি—তা হলে মন হারাবে না পথ, অন্তর ভেঙে গেলেও ভাঙবে না বিশ্বাস। আর এটাই হবে সুস্থ, সুন্দর ও ভারসাম্যপূর্ণ ইসলামি জীবনযাপনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
লেখক: শিক্ষার্থী, টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজ