পরিবারের নেতৃত্ব পুরুষের হাতে, ইসলামের এই ধারণাটি নিয়ে নানা ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে। অনেকেই মনে করেন, এর মাধ্যমে নারীকে পুরুষের অধীনস্থ বা দাসী বানানো হয়েছে। কিন্তু কোরআন ও সুন্নাহর গভীর বিশ্লেষণ করলে দেখা যায়, এই নেতৃত্ব কোনো স্বৈরাচারী শাসন নয়, বরং এটি পারস্পরিক সম্মান, অধিকার ও ভালোবাসার ওপর প্রতিষ্ঠিত একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা।
দায় ও দায়িত্বের প্রতিচ্ছবি
ইসলামে পুরুষের এই নেতৃত্বকে বলা হয়েছে ‘ক্বাওয়ামাহ’। এটি কোনো বিশেষ মর্যাদা বা শ্রেষ্ঠত্বের পরিচয় নয়, বরং এটি একটি গুরুদায়িত্ব। যেমন- একটি জাহাজের নেতৃত্ব থাকে ক্যাপ্টেনের হাতে, যার কাজ হচ্ছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজকে সঠিক গন্তব্যে নিয়ে যাওয়া। একইভাবে পুরুষকে পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মূল কারণ হচ্ছে, ইসলাম পুরুষের ওপর পরিবারের আর্থিক ভরণ-পোষণ, নিরাপত্তা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব অর্পণ করেছে। এই দায়িত্ব পালনের জন্য তাকে দৃঢ়তা, দূরদর্শিতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হয়।
কোরআনের দৃষ্টিতে অধিকারের সমতা
সুরা বাকারার ২২২ নম্বর আয়াতে আল্লাহতায়ালা বলেছেন, ‘স্ত্রীদের জন্য তাদের ওপর (স্বামীদের) যেমন অধিকার রয়েছে, তেমনি ন্যায়সঙ্গতভাবে তাদেরও (স্বামীদের ওপর) অধিকার রয়েছে।’ এই আয়াতে স্পষ্ট বোঝা যায় যে, স্বামী-স্ত্রীর অধিকারের পাল্লায় কোনো ভারসাম্যহীনতা নেই। উভয়েরই প্রাপ্য ও অধিকার সমান। এই সাম্য শুধু অধিকারের ক্ষেত্রেই নয়, বরং ধর্মীয় আমল-আখলাক, লেনদেন এবং পারস্পরিক আচরণের ক্ষেত্রেও প্রযোজ্য। ইসলাম নারীকে পুরুষের মতোই মূল্যবান ও সম্মানীয় হিসেবে দেখে। এটি সেই সময়কার সমাজে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যখন নারীদের কোনো অধিকারই ছিল না।
পরামর্শ ও ভালোবাসার ভিত্তি
ইসলামের শিক্ষা হলো, স্বামী-স্ত্রী উভয়েই প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে একে অপরের সঙ্গে পরামর্শ করবে। নেতৃত্ব শুধু তখনই কার্যকর হয়, যখন কোনো মতানৈক্য বা বিরোধ দেখা দেয়। এমন পরিস্থিতিতে পরিবারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার জন্য পুরুষের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত অবশ্যই জুলুম বা একতরফা হতে পারবে না, বরং তা হতে হবে সুবিবেচনাপ্রসূত এবং পরিবারের সবার কল্যাণের কথা মাথায় রেখে।
এ প্রসঙ্গে একজন দার্শনিকের কথা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, যদি আল্লাহ নারীকে পুরুষের দাসী হিসেবে বানাতে চাইতেন, তবে তাকে পায়ের নিচ থেকে সৃষ্টি করতেন। আর যদি নারীকে পুরুষের চেয়ে শ্রেষ্ঠ বানাতে চাইতেন, তবে মাথার ওপর থেকে সৃষ্টি করতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি নারীকে সৃষ্টি করেছেন পুরুষের বাম পাঁজর থেকে, হৃদয়ের খুব কাছ থেকে, যেন তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে পারে এবং একে অপরের পরিপূরক হতে পারে। এই সৃষ্টিতত্ত্বের মাঝে নিহিত রয়েছে পারস্পরিক প্রেম, সম্মান এবং দায়িত্ববোধের গভীর বার্তা।
আধুনিক সমাজে সম্পূরক সম্পর্ক
আজকের আধুনিক যুগে যখন নারী-পুরুষ উভয়েই কর্মক্ষেত্রে অবদান রাখছে, তখনো পরিবারের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান ও সহযোগিতা। পুরুষ তার নেতৃত্বসুলভ দায়িত্ব পালন করবে আর নারী তার স্নেহ, মমতা ও বিচক্ষণতার মাধ্যমে পরিবারে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করবে। এই সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্পূরকতার। স্বামী-স্ত্রী উভয়েই তাদের স্বতন্ত্র ভূমিকা পালন করে একটি সুখী ও সফল পরিবার গঠন করবে, যেখানে প্রত্যেকেই তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা পাবে।
মনে রাখা যে, পুরুষের নেতৃত্ব কোনোভাবে নারীর অবমূল্যায়ন নয়, বরং এটি এক পবিত্র দায়িত্ব, যা একটি পরিবারকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তোলে।
লেখক: আলেম ও সাংবাদিক