যখন মুয়াজ্জিন আজান দেন তখন সে মধুর ধ্বনি কানে আসামাত্রই চুপ করে মনোযোগ দিয়ে তা শোনা উচিত। কথাবার্তা বা অন্য কাজ বন্ধ করে মুয়াজ্জিনের বাক্যগুলো পুনরুক্তি করা মুস্তাহাব। আজান যখন আল্লাহর মহত্ত্ব ঘোষণা করে, তখন জবাব দেওয়ার মাধ্যমে মুমিনও সেই ঘোষণায় শরিক হয়।
নবিজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আজান শুনে তা পুনরুক্তি করে, শয়তান তার থেকে দূরে পালায়।’ (মুসলিম, ৩৮৯)
আজানের পর যে দোয়া পড়বেন
আজান শেষ হলে একটি বিশেষ দোয়া পড়া সুন্নত। নবিজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আজানের পর এই দোয়া পড়বে, তার জন্য (কেয়ামতের দিন) আমার শাফায়াত ওয়াজিব হবে।’ (বুখারি, ৬১৪)
দোয়াটির বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমাতি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযি ওয়া‘আদতাহু, ইন্নাকা লা তুখলিফুল মি’আদ।
দোয়াটির অর্থ: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত নামাজের প্রতিপালক তুমিই, হজরত মুহাম্মদ (সা.)–কে দান করো ওয়াসিলা (সর্বোচ্চ সম্মানিত স্থান) ও সুমহান মর্যাদা এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে পৌঁছে দাও, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছো, নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।’