জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিপর্যায়ে বড় পরিবর্তন আনা হতে পারে। এতে রাজস্বনীতি প্রণয়ন এবং আদায় কার্যক্রম আলাদা থাকবে।
এনবিআরকে গতিশীল করতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার, এটি তারই উদ্যোগ। এই উদ্যোগ কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে সরকারের সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন।
৫২ বছর ধরে রাজস্ব খাতের নীতি প্রণয়নের পাশাপাশি রাজস্ব আদায়সংক্রান্ত কার্যক্রমও এনবিআর পরিচালনা করে আসছে।
এনবিআরের একটি সূত্র জানায়, রাজস্ব আদায়সংক্রান্ত কার্যক্রম এনবিআরের ওপর থাকলেও রাজস্বনীতি প্রণয়নের দায়িত্ব দেওয়া হতে পারে অর্থ মন্ত্রণালয়কে।
রাজস্ব বিশেষজ্ঞরা বলেছেন, একই প্রতিষ্ঠান নীতি প্রণয়ন ও রাজস্ব আদায়ের দায়িত্বে থাকলে রাজস্ব খাতে দুর্নীতি করার সুযোগ তৈরি হয়। তারা আরও বলেন, অনেক সময় রাজস্ব আদায় বাড়ানোর স্বার্থে এনবিআর-সংশ্লিষ্টরা করদাতা ও ব্যবসায়ীদের সক্ষমতার কথা না ভেবেই নীতি প্রণয়ন করে থাকেন। এতে করদাতাদের ভোগান্তি বাড়ে।
অতীতে দেখা গেছে, এনবিআরের কিছু অসাধু কর্মকর্তা প্রভাবশালীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সুবিধামতো নীতি প্রণয়ন করেছেন। রাজনৈতিক প্রভাবে রাজস্ব অব্যাহতি দিয়েছেন। এতে ব্যক্তিবিশেষ সুবিধা পেলেও সরকারের রাজস্ব আদায় কমেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে এনবিআরের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম খবরের কাগজকে বলেন, রাজস্ব আদায়সংক্রান্ত কার্যক্রম এবং নীতি- দুটিই এনবিআর পরিচালনা করে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক রাজস্বনীতি প্রণয়ন এবং রাজস্ব আদায়ের কাজ আলাদা করার পরামর্শ দিয়েছে। তিনি আরও বলেন, রাজস্বনীতি প্রণয়ন এবং রাজস্ব আদায় কে বা কারা করবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। বিষয়টি নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করা হবে, সে অনুযায়ী সংস্কার করা হবে।
রাষ্ট্রপতির আদেশ নম্বর ৭৬-এর ভিত্তিতে ১৯৭২ সালে এনবিআর প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই সংস্থাটির মূল কাজ ছিল মূল্য সংযোজন কর (মূসক), আয়কর ও আমদানি শুল্ক আরোপ, আদায় এবং এ-সংক্রান্ত নীতি প্রণয়ন করা।
আইএমএফের যুক্তি হচ্ছে, রক্ষক ভক্ষক হতে পারে না। যে সংস্থা নীতি প্রণয়ন করবে, সেই সংস্থাকে আদায়ের দায়িত্ব দিলে সেখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়। তখন থেকে এনবিআরের নীতি বিভাগ ও আদায় বিভাগ আলাদা করার পরামর্শ দিয়ে আসছিল আইএমএফ। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও বেশি দূর এগোয়নি। এখন নতুন করে এই আলোচনা উঠে এসেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের চলমান ৪৭০ কোটি ঋণ কর্মসূচির মধ্যে যেসব শর্ত আছে তার মধ্যে একটি হচ্ছে এনবিআরের নীতি বিভাগ ও আদায় বিভাগ আলাদা করা। সরকার এখন সেই শর্তটি প্রতিপালন করতে যাচ্ছে।
এনবিআরের সাবেক সদস্য আমিনুল করিম খবরের কাগজকে বলেন, এর আগেও রাজস্বনীতি ও আদায় আলাদা করার বিষয় নিয়ে আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে উদ্যোগটি থেমে যায়।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, আমাদের দেশে প্রতিবছর বড় আকারের ঘাটতি বাজেট প্রণয়ন করা হয়। বাজেটের হিসাব মেলাতে এনবিআরের ওপর বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চাপিয়ে দেওয়া হয়। এনবিআর অনেকটা নিরুপায় হয়ে লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে আদায় বাড়াতে রাজস্বনীতি প্রণয়ন করে থাকে। অর্থনীতি ও সাধারণের ওপর এর কী প্রভাব পড়ল, তা নিয়ে এনবিআর অতটা চিন্তা করে না। যতটা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে তৎপর থাকে।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু খবরের কাগজকে বলেন, রাজস্বনীতি প্রণয়নের আগে অবশ্যই দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির ওপর কী প্রভাব পড়বে তা খতিয়ে দেখতে হবে। সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে, তাও গুরুত্ব দিয়ে দেখতে হবে। সবার জন্য স্বস্তিদায়ক নীতি প্রণয়ন করা হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এতে আদায় বাড়বে।
তিনি আরও বলেন, কিন্তু আদায় বাড়ানোকে গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন করা হলে সবার জন্য স্বস্তিদায়ক নাও হতে পারে। ব্যবসা-বাণিজ্যে গতি না এলে রাজস্ব পরিশোধ কীভাবে হবে। এনবিআর আদায় বাড়ানোর দায়িত্বে থাকে। প্রতিষ্ঠানটি নীতি প্রণয়নের চেয়ে আদায় করার বিষয়টিতে গুরুত্ব দেবে এটাই স্বাভাবিক।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি এম মির্জ্জা আজিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, অর্থ মন্ত্রণালয়কে গোটা অর্থনীতি নিয়ে চিন্তা করতে হয়। তাই আদায় বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখতে হয়। নীতি প্রণয়নের দায়িত্ব এনবিআর থেকে আলাদা প্রতিষ্ঠানের ওপর থাকলে অর্থনীতির জন্য খারাপ হবে না।
তার মতে, দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপের ওপর প্রভাব বিস্তারের জন্য সরকার রাজস্বনীতির ব্যবহার করে থাকে। ফলে অর্থনীতিতে রাজস্বনীতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই আলাদা একটি প্রতিষ্ঠান থেকে নীতি প্রণয়ন করলে ভালো ফল আসবে বলে মনে করি।
আইএমএফের মতে, এনবিআরের নীতি বিভাগ ও আদায় বিভাগ আলাদা করলে রাজস্ব আদায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে। নীতি বিভাগকে এনবিআর থেকে আলাদা করে তা অর্থ মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা যেতে পারে।