দেশের কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশ হওয়ার কথা থাকলেও আছে ৮ দশমিক ৩ শতাংশ। সরকারি-বেসরকারি বিনিয়োগে স্থবিরতা চলছে। গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত মে মাসে। রপ্তানি আয়ে নিম্নমুখী ধারা। বৈশ্বিক ও আঞ্চলিক অনিশ্চয়তা কমছে না। বিশেষভাবে আন্তর্জাতিক অর্থনীতির টানাপোড়েনের প্রভাব বাড়ছে দেশে। আর্থিক খাতে দুর্বলতা বিদ্যমান। ব্যবসা ও শিল্পে উৎপাদন ব্যয় বেশি। এমন পরিস্থিতিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।
অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, দেশের অর্থনীতিতে গতি না এলে আগামী অর্থবছরের জন্য প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। বৈশ্বিক সংকটে ও উত্তরাধিকার সূত্রে নির্বাচিত সরকার শিল্প-বিনিয়োগ-ব্যবসা-বাণিজ্যে কতটা গতি আনতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকছে।
সাবেক অন্তর্বর্তী সরকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছিল। অবশ্য বিশ্বব্যাংক বলছে, এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশের কম। এমনকি বৈশ্বিক অচলাবস্থা এবং ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাতের ফলে আগামী বছরও বিশ্ব অর্থনীতিতে ধীরগতিতে চলমান থাকবে বলেও সংস্থাটি জানিয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান খবরের কাগজকে বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট চলছে। এমন প্রেক্ষাপটেও বাংলাদেশের নতুন সরকার উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের এক উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। আগামীতে শিল্প-বিনিয়োগ-কর আদায় বাড়াতে পারলে এই প্রাক্কলন অর্জন সম্ভব। তবে বর্তমান প্রেক্ষাপটে এসব বাড়বে, এমন আশা করা সাহসের হবে। কতটা বাস্তবায়নযোগ্য তা নিয়ে প্রশ্ন থাকছে।
দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি বর্ণনা করে বেসরকারি গবেষণা সংস্থা–সিপিডি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বব্যাংক রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যবসার উচ্চ খরচকে বিনিয়োগ মন্থরতার কারণ হিসেবে চিহ্নিত করেছে। বার্ষিক উন্নয়ন প্রকল্পের ব্যয় এবং মূলধনি যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে। শিল্প খাতে নতুন বিনিয়োগ প্রত্যাশিত হারে বাড়ছে না; উচ্চ সুদের হার ও ঋণপ্রাপ্তির জটিলতা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে; জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
স্থবির রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ও দুর্বল কর রাজস্ব সম্পর্কে প্রতিবেদন বিশ্লেষণ করে বলা যায়, আইএমএফ জানিয়েছে, কর রাজস্ব থেকে জিডিপি অনুপাত ২০২৪-২৫ অর্থবছরে তীব্রভাবে কমে গেছে। বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৮ দশমিক ৩ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় অনেক কম–ভারতে যা প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।
মূল্যস্ফীতির চাপ সম্পর্কে প্রতিবেদন থেকে বলা হয়েছে, মূল্যস্ফীতি ডাবল ডিজিট থেকে কমলেও এখনো উচ্চপর্যায়ে রয়েছে, যা অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগের গতিকে বাধাগ্রস্ত করছে।
বৈশ্বিক ও আঞ্চলিক অনিশ্চয়তা নিয়ে প্রতিবেদন থেকে বলা হয়েছে, ইরান যুদ্ধ বাংলাদেশসহ এশীয় অর্থনীতিতে প্রভাব ফেলেছে, জ্বালানিসংকট বাড়িয়েছে এবং অনিশ্চয়তা বৃদ্ধি করেছে। আর্থিক খাতের দুর্বলতা নিয়ে বলা হয়েছে, বিশ্বব্যাংক ব্যক্তি খাতে বিনিয়োগের স্থবিরতা, দুর্বল কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক খাতের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে।
শিল্প খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে বলা হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা কমে যেতে পারে এবং নতুন বিনিয়োগও নিরুৎসাহিত হতে পারে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও কাঁচামালের উচ্চমূল্য আমাদের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মো. আবদুল মজিদ খবরের কাগজকে বলেন, প্রাক্কলন সব সময় প্রাক্কলন। আয়-ব্যয়ের যে বরাদ্দ ধরা হয়েছে তা যদি ৭০-৮০ শতাংশ অর্জিত হয়, তাহলে জিডিপির প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হবে না। তবে তা কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন থাকছে।
তিনি আরও বলেন, প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য শুধু বাজেট ঘোষণা যথেষ্ট নয়; বরং শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ; ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে রাখা; কর কাঠামো সহজীকরণ; ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাস; নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করা; বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও রপ্তানি বহুমুখীকরণ–বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ও ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ খবরের কাগজকে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। সেখান থেকে ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য অবশ্যই উচ্চাভিলাষী। এ লক্ষ্য অর্জনের জন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, শিল্প উৎপাদন, রপ্তানি, জ্বালানি সরবরাহ এবং ব্যবসায়িক আস্থার উল্লেখযোগ্য উন্নতি প্রয়োজন। তবে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানিসংকট, বৈশ্বিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতে তারল্য চাপ এখনো বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সরকারের ব্যাংকঋণ গ্রহণ বৃদ্ধির ফলে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে, যা বিনিয়োগ সম্প্রসারণকে বাধাগ্রস্ত করতে পারে। তাই কার্যকর নীতি বাস্তবায়ন না হলে উচ্চাভিলাষী এ টার্গেট বাস্তবায়ন হবে অত্যন্ত কঠিন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সহসভাপতি এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী খবরের কাগজকে বলেন, আগামী অর্থবছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্থনীতির জন্য একটি ইতিবাচক ও উচ্চাভিলাষী লক্ষ্য। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বিনিয়োগের ধীরগতি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে এ লক্ষ্য অর্জন সহজ হবে না। কার্যকর অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং শিল্প খাতের প্রতিবন্ধকতা দূর করা গেলে লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব, তবে এর জন্য বাজেটের ঘোষণার চেয়ে বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পবান্ধব নীতি অধিক গুরুত্বপূর্ণ।