ফ্রান্সের ২০১৮ ফিফা বিশ্বকাপে শিরোপা জয় এবং পরের বিশ্বকাপে দল ফাইনালে পা রাখার পেছনে সামনে থেকে ভূমিকা রাখাদের একজন আন্তোনিও গ্রিজম্যান। জাতীয় দলের হয়ে খেলেছেন একটানা ৮৪টি ম্যাচ।
একটানা ৮৪ ম্যাচ খেলার রেকর্ড নেই গ্রিজম্যান ছাড়া আর কোনো খেলোয়াড়ের। অবশেষে এবার বিশ্রামে যেতে হচ্ছে তাকে। গোড়ালির ইনজুরিতে আগামী সপ্তাহে জার্মানি ও চিলির বিপক্ষে ফ্রান্সের দুটি প্রীতি ম্যাচে মাঠে নামা হবে না এই অভিজ্ঞ ফুটবলারের।
ফ্রান্স জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।
ফ্রান্সের হয়ে মোট ১২৭টি ম্যাচ খেলা গ্রিজম্যান যার মধ্যে ৮৭ ম্যাচ খেলেছেন কোনো বিরতি ছাড়াই। দেশের জার্সিতে করেছেন ৪৪টি গোল। যা ফরাসিদের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোল করার রেকর্ড। ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলারের জায়গায় ফ্রান্স দলে সুযোগ পেয়েছেন মাতেও গুয়োনদোজির।
ইতালিয়ান সিরি-আ ক্লাব ল্যাজিওতে খেলেন ২৪ বছর বয়সী গুয়োনদোজি। ফরাসি ক্লাব অলিম্পিক ডি মার্শেই থেকে লোনে তিনি গিয়েছেন ল্যাজিওতে।
আগামী শনিবার পার্ক অলিম্পিক লিওনিসে জার্মানি এবং ২৬ মার্চ স্ট্যাডে ভেলেড্রোমে চিলির বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স।