দুই দশক পর শৈশবের ক্লাবে ফেরা নিঃসন্দেহে আনন্দের। রোজারিও সেন্ট্রালে ফেরাটা খুবই আনন্দদায়ক আনহেল ডি মারিয়ার জন্য। যে ক্লাবে শৈশবে খেলেছেন, সেখানেই আবার ফিরে এসেছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়।
রোজারিওর হয়ে খেলতে নেমে পেয়েছেন গোলের দেখাও। ফলে ম্যাচটা রাঙিয়েছেন তিনি। কিন্তু এরপরই মাঠ ছেড়েছেন চোট পেয়ে।
আর্জেন্টিনা যা কিছু জিতেছে, সবকিছুতেই রয়েছে তার অবদান। ২৮ বছরের শিরোপা খরা কাটানো গোলটাও তার পা থেকেই এসেছে ২০২১ সালে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে। ২০২২ বিশ্বকাপ ফাইনালেও করেছেন গোল। ২০০৮ অলিম্পিক ফুটবলের ফাইনালেও গোল তা পা থেকেই।
বড় এই তারকা যখন নিজ ভূমে ফিরলেন শৈশবের ক্লাবে। তখন তার খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৪৬ হাজার দর্শক। অনেকেই তাকে স্বাগত জানাতে গিয়ে ধরে রাখতে পারেননি চোখের পানি।
দর্শকদের ভালোবাসার প্রতিদানও তিনি দিয়েছেন। ৭৮ মিনিটে তার করা এক গোলই এগিয়ে দেয় তার দলকে। কিন্তু ম্যাচের শেষ দিকে ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি স্ট্রেচারে করে। সে সময়ও চোখ থেকে পানি ঝরেছে তার। যদিও এ অশ্রু দুঃখের।
তার মাঠ ছাড়ার পর অবশ্য বিপদে পড়েছে তার দল রোজারিও। গোল খেয়েছে একটু পরই। গোদয় ক্রুজের সঙ্গে ১-১ ড্র করে মাঠ ছাড়তে হয় রোজারিওকে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডি মারিয়া লিখেছেন, ‘এই মুহূর্তটা ভোলার নয়। এর জন্য বহু বছর অপেক্ষা করেছি। এত ভালোবাসা দিয়েছেন আমাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। যদিও কাঙ্ক্ষিত ফলাফলটা পাইনি এই ম্যাচে, তবে এটা তো কেবল শুরু, আরও অনেক পথ বাকি।’